রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। এই দফায় রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভাগ্য নির্ধারণ হবে প্রার্থীদের। উত্তরবঙ্গের চা-বলয় থেকে শুরু করে রাঢ়বঙ্গ ও জঙ্গলমহল—প্রথম দফাতেই বড় লিড নিয়ে নবান্ন দখলের পথ প্রশস্ত করতে চাইছে বিজেপি। জেলাওয়ারি রণকৌশল সাজিয়ে একগুচ্ছ লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া শিবির।
এক নজরে দেখে নিন জেলাভিত্তিক বিজেপির প্রত্যাশার তালিকা:
উত্তরবঙ্গ: গড়ে আধিপত্য বজায় রাখাই চ্যালেঞ্জ
উত্তরবঙ্গের জেলাগুলোতে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি অভাবনীয় ফল করেছিল। এবার সেই সাফল্যের ধারা বজায় রাখতে মরিয়া দল।
দার্জিলিং ও কালিম্পং (৬টি আসন): গতবারের ১০০% স্ট্রাইক রেট ধরে রেখে এবারও ৬-০ করার লক্ষ্য বিজেপির। শিলিগুড়ি থেকে কালিম্পং—পাহাড় ও সমতলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
আলিপুরদুয়ার (৫টি আসন): চা-বলয়ের এই জেলায় গতবার ৫টি আসনই ছিল বিজেপির দখলে। এবারও সেখানে ‘ক্লিন সুইপ’ চাইছে গেরুয়া শিবির।
জলপাইগুড়ি (৭টি আসন): গতবার ৪টি আসন পেলেও এবার টার্গেট বাড়িয়ে ৬টি করা হয়েছে।
কোচবিহার (৯টি আসন): গতবার ৬টি আসন জিতেছিল বিজেপি, এবার লক্ষ্য অন্তত ৭টি।
দিনাজপুর ও মালদহ: সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর অঙ্ক
উত্তর দিনাজপুর (৯টি আসন): সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল হলেও এবার তৃণমূলকে কড়া টক্কর দিতে প্রস্তুত বিজেপি।
দক্ষিণ দিনাজপুর (৬টি আসন): সুকান্ত মজুমদারের জেলায় গতবার ৩-৩ সমীকরণ ছিল। এবার অন্তত ৫টি আসনে জয়ের টার্গেট নিয়েছে দল।
মালদহ (১২টি আসন): কংগ্রেসের উত্থানে সংখ্যালঘু ভোট ভাগ হলে লাভ হবে বিজেপির। গতবারের ৪টি আসনের বদলে এবার ৮টি আসন পাওয়ার আশা করছে পদ্মশিবির।
মুর্শিদাবাদ ও বীরভূম: পরিবর্তনের হাওয়া?
মুর্শিদাবাদ (২২টি আসন): তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও সাগরদিঘি মডেলের জেরে সুবিধাজনক অবস্থায় বিজেপি। লক্ষ্য অন্তত ৬-৮টি আসন।
বীরভূম (১২টি আসন): গতবার মাত্র ১টি আসন পেলেও, এবার অনুব্রতহীন বীরভূমে ৬-৭টি আসনে জয়ের বড় চমক দিতে চায় বিজেপি।
দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহল: শুভেন্দুর গড়ে নজর
পূর্ব মেদিনীপুর (১৬টি আসন): শুভেন্দু অধিকারীর গড়ে গতবার ৭টি আসন জিতেছিল বিজেপি। এবার বিরোধী দলনেতার দাবি, ১৬-০ ব্যবধানে জয় আসবে।
পশ্চিম মেদিনীপুর (১৫টি আসন): মোদী-শাহের ঝোড়ো প্রচারের পর এবার তৃণমূলকে টেক্কা দিয়ে আসন বাড়ানোর লক্ষ্য বিজেপির।
ঝাড়গ্রাম (৪টি আসন): মোদীর ‘ঝালমুড়ি’ সমীকরণ কি ভোটবাক্সে প্রভাব ফেলবে? ঝাড়গ্রামে ক্লিন সুইপের আশা করছে গেরুয়া শিবির।
পুরুলিয়া ও বাঁকুড়া: কুর্মি আন্দোলন ও আদিবাসী ভোটের মেরুকরণে পুরুলিয়ার ১০টি এবং বাঁকুড়ার ১২টি আসনের অধিকাংশতেই জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি।
পশ্চিম বর্ধমান (৯টি আসন): শিল্পাঞ্চলে গতবার ৩টি আসন পেলেও এবার লক্ষ্য তার দ্বিগুণ।





