গৌড়বঙ্গ সফরে অভিষেক! ইটাহারে মেগা রোড শো থেকে বালুরঘাটে শহিদ পরিবারে সান্ত্বনা—ঠাসা কর্মসূচি

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তরবঙ্গ জয়ের লক্ষ্যে ময়দানে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সরাসরি কলকাতা থেকে হেলিকপ্টারে উত্তর দিনাজপুরের ইটাহারে পৌঁছাবেন তিনি। সেখানে এক বিশাল বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে জনসংযোগের কাজ শুরু করবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।
তবে এবারের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ‘এসআইআর’ (SIR) আতঙ্ক। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে দক্ষিণ দিনাজপুরে যাঁরা প্রাণ হারিয়েছেন, বালুরঘাটে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন অভিষেক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ইস্যুতে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে তিনি সরব হতে পারেন বলে মনে করা হচ্ছে।
সফরের শেষ পর্যায়ে অভিষেক যাবেন তপনে। সেখানে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেবেন তিনি। ভোটার কার্ড সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা শোনা এবং তাঁদের অধিকার রক্ষায় তৃণমূলের অবস্থানের কথা তুলে ধরাই তাঁর এই কর্মসূচির মূল লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে, গৌড়বঙ্গ সফর থেকে একদিকে যেমন জনসংযোগ জোরদার করছেন অভিষেক, তেমনই ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভকে হাতিয়ার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে তাঁর।