গেম চেঞ্জার ₹১০,০০০! ৭১% রেকর্ড মহিলা ভোট কেন গেল নীতীশ-বিজেপি-র ঝুলিতে? ফাঁস হলো NDA-র বিপুল সমর্থনের আসল কারণ

বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের চিত্র ৫ ঘণ্টা পর স্পষ্ট: এবারও বিহারে সরকার গঠন করতে চলেছে এনডিএ (NDA)। এটি কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জনপ্রিয়তার জয় নয়, বরং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) জনমুখী প্রকল্প ও বিজেপি-র কেন্দ্রীয় সরকারের বিশ্বাসযোগ্যতার মিলিত ফল— যা ‘এনডিএ ম্যাজিক’ হিসেবে পরিচিতি পেয়েছে। মোদী-নীতীশের সুনির্দিষ্ট প্রতিশ্রুতিতে ভরসা রেখেই জনগণ এবার নির্বাচনে বৈতরণী পার করিয়ে দিয়েছেন জোটকে।
কী কী ফ্যাক্টর এত বিপুল সমর্থন জোগাড় করতে সাহায্য করল?
১. মহিলাদের হাতে নগদ টাকা: ₹১০,০০০-এর গেম চেঞ্জার
বিহারের ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা ‘এসআইআর’-এর (SIR) চেয়েও বড় প্রভাব ফেলেছে নীতীশ কুমারের এই ঘোষণা। রাজ্যের ১.৩ কোটি মহিলাদের জন্য ₹১০,০০০ টাকার স্কিম গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। এর বিপরীতে, প্রতিদ্বন্দ্বী আরজেডি নেতা তেজস্বী যাদবের মাসিক ₹২,৫০০ দেওয়ার প্রতিশ্রুতি মহিলাদের কাছে কম বিশ্বাসযোগ্য মনে হয়েছে। মহিলাদের অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়তেই ভোটে দেখা যায় ৭১ শতাংশেরও বেশি মহিলা ভোটার ভোট দিয়ে রেকর্ড তৈরি করেন, যা সরাসরি এনডিএ-র ঝুলিতে যায়।
২. প্রত্যন্ত এলাকায় ফ্রি বিদ্যুৎ
এনডিএ-র জয়ের ক্ষেত্রে আরও একটি বড় ফ্যাক্টর হলো বিনামূল্যে বিদ্যুৎ। ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি-তে দেওয়ার ঘোষণা বিহারের প্রত্যন্ত এলাকায় বিশেষ প্রভাব ফেলেছে। যেখানে বহু দরিদ্র পরিবারের কাছে বিদ্যুৎ বিল পরিশোধ করা কঠিন ছিল, সেখানে এই স্কিমটি সাধারণ মানুষের কাছে একমাত্র ভরসা হয়ে উঠেছে।
৩. প্রবীণদের ‘বড় উপহার’: পেনশন স্কিম
নীতীশ কুমারের সরকারের ভোট প্রচারে আরও একটা ‘গেম চেঞ্জার’ ছিল পেনশন স্কিম। বিহারের ১.২ কোটি প্রবীণ নাগরিকদের জন্য পেনশন ₹৪০০ টাকা থেকে বাড়িয়ে ₹১,১০০ করতেই জেডিইউ-বিজেপি-র ঝুলিতে ব্যাপক ভোট বৃষ্টি হয়। প্রবীণ নাগরিকদের কাছে এটা নীতীশ কুমারের দেওয়া ‘বড় উপহার’ হিসেবে গণ্য হয়েছে। এই জনদরদী ইমেজ সাধারণ মানুষের মন থেকে বেকারত্বের মতো বড় সমস্যাকে অনেকাংশে ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে।
৪. মোদীর প্রচারে ‘জঙ্গল রাজ’-এর ভয়
ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার জনগণের সামনে কেন্দ্রের উন্নয়ন কাজের পাশাপাশি ‘জঙ্গল রাজ’-এর ভীতি তুলে ধরেছেন। আরজেডি ক্ষমতায় থাকাকালীন বিহারের আইন-শৃঙ্খলার ভয়াবহ অবস্থার কথা মনে করাতে প্রধানমন্ত্রী মোদী ‘কাট্টা’ (আগ্নেয়াস্ত্র) শব্দটি ব্যবহার করেন। মোদীর জনপ্রিয়তা এই বার্তাটি জনগণের মনে আরও জোরদার করতে সাহায্য করেছিল যে, এনডিএ ক্ষমতায় থাকা মানেই সুশাসন এবং নিরাপত্তা।