এবার খোদ কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব! শুভেন্দু জমানায় বাংলায় কি বিপুল বিদেশি বিনিয়োগ?

আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে এক বিশাল বড় খবর! ভারত সফরে আসছেন আমেরিকার নতুন সেক্রেটারি অব স্টেট (বিদেশসচিব) মার্কো রুবিও। আগামী ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চার দিনের এক হাই-প্রোফাইল সফরে ভারতে অবস্থান করবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব হিসেবে এটিই হতে চলেছে তাঁর প্রথম সরকারি ভারত সফর। এই সফরে তিনি নতুন দিল্লি, আগ্রা এবং জয়পুরের পাশাপাশি বিশেষভাবে সফর করবেন তিলোত্তমা তিলোত্তমা কলকাতায়।
রাজনৈতিক এবং কূটনৈতিক মহলের মতে, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সরকার পরিবর্তনের ঠিক পরেই স্বয়ং মার্কিন বিদেশসচিবের কলকাতা আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দূরদর্শী ঘটনা। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর এই সফরের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলার জন্য নতুন বাণিজ্যিক ও বিদেশি বিনিয়োগের রাস্তা প্রশস্ত হতে পারে কিনা, এখন সেদিকেই গভীর নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
এই মেগা সফরে মার্কিন স্টেট সেক্রেটারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ ভারত সরকারের প্রথম সারির শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। আলোচনায় মূল অগ্রাধিকার পাবে ভারত-মার্কিন এনার্জি সিকিউরিটি (জ্বালানি নিরাপত্তা), গভীর প্রতিরক্ষা সহযোগিতা এবং আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি। এর পাশাপাশি, তিনি কোয়াড (QUAD) ভুক্ত চার দেশ—ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক বৈঠকেও যোগ দেবেন।
মার্কিন প্রেস বিবৃতি অনুযায়ী, ভারতে পা রাখার ঠিক আগে আগামী ২২ মে সুইডেন সফরে যাবেন মার্কো রুবিও, যেখানে তিনি ন্যাটোর (NATO) সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে একটি জরুরি বৈঠকে অংশ নেবেন। সেখান থেকে সোজা ভারতে এসে দুই দেশের বন্ধুত্বকে আরও মজবুত করবেন তিনি।