ভোটগণনা নিয়ে যখন গোটা দেশ উত্তপ্ত, তখনই সাধারণ মানুষের হেঁশেলে বড়সড় কোপ পড়ল। ওড়িশায় একধাক্কায় লিটার প্রতি ৪ টাকা বাড়ল দুধের দাম। পশ্চিমবঙ্গের পড়শি এই রাজ্যে রবিবারে (৩ মে) থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ওড়িশা স্টেট কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ফেডারেশন (OMFED)-এর এই সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে।
নতুন দামের তালিকা একনজরে: পরিবহণ এবং প্রসেসিং খরচ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার জেরেই এই দাম বৃদ্ধি বলে জানানো হয়েছে। ওড়িশার মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী গোকুলনন্দ মল্লিক নতুন দামের তালিকা প্রকাশ করেছেন:
টোনড দুধ: লিটার প্রতি ৫০ টাকা থেকে বেড়ে হল ৫৪ টাকা।
প্রিমিয়াম মিল্ক: ৫৪ টাকা থেকে বেড়ে হল ৫৮ টাকা।
গোল্ড প্রিমিয়াম মিল্ক: ৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা।
গোল্ড প্রিমিয়াম প্লাস: লিটার প্রতি দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৪ টাকা।
আধ লিটার টোনড এবং প্রিমিয়াম মিল্ক কিনতে এখন থেকে যথাক্রমে ২৭ এবং ২৯ টাকা গুণতে হবে সাধারণ মানুষকে।
সরকারের যুক্তি: মন্ত্রী গোকুলনন্দ মল্লিক জানিয়েছেন, “দীর্ঘদিন দুধের দাম বাড়ানো হয়নি। কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা বেশি দামে তাঁদের থেকে দুধ কিনি। অন্যান্য বেসরকারি সংস্থার চেয়ে ওমফেড-এর দাম এখনও যথেষ্ট কম এবং গুণমানও সেরা।” জানা গিয়েছে, বাজারে ৪ টাকা দাম বাড়লেও দুগ্ধচাষিরা লিটার প্রতি ১ টাকা বেশি পাবেন। মোষের দুধের ক্ষেত্রে কৃষকরা লিটারে ১ টাকা ৬০ পয়সা অতিরিক্ত পাবেন।
মধ্যবিত্তের কপালে দুশ্চিন্তার ভাঁজ: অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, লিটারে ৪ টাকা বৃদ্ধি মোটেও সামান্য নয়। শহর থেকে গ্রাম—বর্তমানে সব স্তরের মানুষই প্যাকেটের দুধের ওপর নির্ভরশীল। রান্নার গ্যাস থেকে আনাজপাতি, সবকিছুর অগ্নিমূল্যের বাজারে দুধের এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের মাসিক বাজেটে বড়সড় ওলটপালট ঘটিয়ে দেবে। আশঙ্কা করা হচ্ছে, দুধের দাম বাড়ায় এবার ছানা, মিষ্টি, ঘি বা পনিরের মতো দুগ্ধজাত পণ্যের দামও খুব শীঘ্রই ঊর্ধ্বমুখী হবে।





