‘একটা সুযোগ পেলেই পাকিস্তানকে শিক্ষা দিয়ে দেব!’ অপারেশন সিঁদুর নিয়ে ফের চরম হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান

‘অপারেশন সিঁদুর’ নিয়ে কথা বলার সময় ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট জানিয়েছেন, “পাকিস্তান যদি একটি সুযোগ দেয়, তাহলে আমরা ওদের শিক্ষা দিয়ে দেব যে কীভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হয়।” রাজধানীতে ‘চাণক্য ডিফেন্স ডায়ালগস’-এর এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
জেনারেল দ্বিবেদী ‘অপারেশন সিঁদুর’-কে ভবিষ্যতের জন্য একটি ট্রেলার হিসেবে উল্লেখ করে বলেন, “অপারেশন সিঁদুর ছিল একটি ট্রেলার মাত্র, যা মাত্র ৮৮ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ভবিষ্যতের যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি আছি।” তিনি আরও বলেন যে, যখনই কোনো অপারেশন হয়, সেখান থেকে বাহিনী শিক্ষা নেয়। অপারেশন সিঁদুর থেকে পাওয়া শিক্ষাই ভবিষ্যতের জন্য ভারতকে প্রস্তুত করছে। এই শিক্ষাগুলির মধ্যে রয়েছে—বাহিনীর মধ্যে সংহতি বজায় রাখা, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য যথাযথ সরবরাহ নিশ্চিত করা এবং কমান্ডের প্রতিটি স্তরে কম সময়ের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা।
পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি রাষ্ট্র-পোষিত সন্ত্রাস প্রসঙ্গে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, “যখন কোনও দেশে রাষ্ট্র-পোষিত সন্ত্রাসকে উৎসাহ দেওয়া হয়, সেটা ভারতের কাছে উদ্বেগের বিষয় হয়ে ওঠে। ভারত উন্নতির কথা বলে। যদি কেউ আমাদের পথে বাধা সৃষ্টি করে, তাহলে আমাদের তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে হবে।” তিনি দৃঢ়ভাবে বলেন, “যখন আমরা নতুন স্বাভাবিক পরিস্থিতির কথা বলি, তখন আমরা বলে থাকি যে আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। আমরা শুধু একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া গ্রহণ করতে বলছি, যার সঙ্গে আমরা সহযোগিতা করব। ততক্ষণ পর্যন্ত, আমরা জঙ্গি এবং তাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে একই রকম আচরণ করে যাব। যারা জঙ্গিদের উৎসাহিত করে, আমরা তাদের জবাব দেব। আজ ভারত এতটাই সফল যে, কোনও ব্ল্যাকমেইলেই ভীত নয়।”