উত্তর কাশ্মীরে যৌথ বাহিনীর বড় সাফল্য! সোপোরে গ্রেফতার ২ ‘হাইব্রিড জঙ্গি’, উদ্ধার পিস্তল ও গ্রেনেড

উত্তর কাশ্মীরের সোপোরে যৌথ নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানে (Police operation) দুই সন্দেহভাজন হাইব্রিড জঙ্গি গ্রেফতার হলো। শুক্রবার সন্ধ্যায় সাদিক কলোনি, মোমিনাবাদ সোপোর এলাকায় একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাকা চেকিং চলাকালীন এই গ্রেফতারি হয়। জম্মু–কাশ্মীর পুলিশ, ২২ রাষ্ট্রীয় রাইফেলস (RR) এবং সিআরপিএফ–এর ১৭৯ ব্যাটালিয়নের যৌথ দল এই সফল অভিযানটি পরিচালনা করে।
পুলিশের অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, Fruit Mandi Sopore দিক থেকে দুই ব্যক্তি আহাত বাবা ক্রসিংয়ের দিকে আসছিলেন। নাকা চেকিং দেখে তারা আচমকা পালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী দ্রুত তৎপরতা দেখিয়ে তাঁদের ধরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়।
গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম:
শবির আহমদ নাজার, পিতা মোহাম্মদ আকবর নাজার, বাসিন্দা মোহল্লা তৌহিদ কলোনি মাজবুগ।
শবির আহমদ মির, পিতা মোহাম্মদ সুলতান মির, বাসিন্দা ব্রাথ সোপোর।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের তালিকায় রয়েছে— ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন, ২০টি লাইভ রাউন্ড এবং ০২টি হ্যান্ড গ্রেনেড।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে দুই অভিযুক্ত জঙ্গি-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিল অথবা কোনও বড় নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে সোপোর পুলিশ স্টেশনে FIR No. 253/2025 এর ভিত্তিতে UAPA সহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে উত্তর কাশ্মীরের বিভিন্ন এলাকায় হাইব্রিড জঙ্গিদের (যারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেও জঙ্গিদের সহায়তা করে) সক্রিয়তা বাড়ছিল। এই গ্রেফতারি একটি গুরুত্বপূর্ণ সাফল্য। উপত্যকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং এই ধরনের যৌথ অপারেশন ভবিষ্যতেও জারি থাকবে। জঙ্গি নেটওয়ার্কের সম্ভাব্য সংযোগ এবং তাদের সহযোগীদের পরিচয় জানতে বিশেষ টিম গঠন করে জিজ্ঞাসাবাদ চলছে।