আপনার ঘরের স্মার্ট ক্যামেরা বা রাউটার হ্যাকারদের কবলে? ইন্টারনেটের এই ভুল ডেকে আনছে বড় বিপদ!

বর্তমানে স্মার্ট ক্যামেরা থেকে শুরু করে স্মার্ট টিভি, ভিডিও ডোরবেল, স্মার্ট স্পিকার বা অটোমেশন সিস্টেম—আমাদের দৈনন্দিন জীবন এখন ‘ইন্টারনেট অফ থিংস’ বা আইওটি (IoT)-এর ওপর নির্ভরশীল। জীবনযাত্রাকে সহজ করে তুললেও, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই স্মার্ট ডিভাইসগুলিই বর্তমানে হ্যাকারদের কাছে ‘সফট টার্গেট’ বা আক্রমণের সহজ লক্ষ্য হয়ে উঠছে। ইন্টারনেটের সাথে যুক্ত এই ডিভাইসগুলি ব্যবহার করে সাইবার অপরাধীরা সহজেই আপনার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে।
কেন ঝুঁকি বাড়ছে?
বিশেষজ্ঞদের মতে, এই সংকটের প্রধান কারণ ডিভাইস তৈরির বাণিজ্যিক গতি। অনেক প্রস্তুতকারক সংস্থা বাজারে পণ্য দ্রুত আনার জন্য সুরক্ষার চেয়ে ফিচারের ওপর বেশি গুরুত্ব দেয়। ফলে এই ডিভাইসগুলিতে নিয়মিত সিকিউরিটি আপডেট বা দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থার অভাব দেখা যায়। এছাড়া, অনেক ছোট স্মার্ট ডিভাইসের আপডেট পলিসি অত্যন্ত অস্পষ্ট থাকে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এগুলিতে যে প্রযুক্তিগত ত্রুটি তৈরি হয়, তা দূর করার কোনো সুযোগ থাকে না। সাইবার অপরাধীরা এই সুযোগটিই কাজে লাগায়।
পুরনো ডিভাইসের বিপদ:
স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে আরও একটি বড় ঝুঁকি হলো সেগুলির স্থায়িত্ব। অনেক নির্মাতা নির্দিষ্ট সময় পর সফটওয়্যার সাপোর্ট বন্ধ করে দেয়। কিন্তু ব্যবহারকারীরা সেই ডিভাইসগুলিই বছরের পর বছর ব্যবহার করতে থাকেন। পুরনো সফটওয়্যার সম্বলিত এই ডিভাইসগুলি সাইবার হামলার ক্ষেত্রে সবচেয়ে দুর্বল জায়গা হয়ে ওঠে। শুধু স্মার্ট হোমের ক্ষেত্রেই নয়, অফিস, প্রিন্টার, রাউটার এবং পাবলিক নেটওয়ার্ক পরিষেবায় IoT-এর ক্রমবর্ধমান ব্যবহার সাইবার আক্রমণের পরিধিকে আরও বাড়িয়ে দিচ্ছে।
সুরক্ষিত থাকার উপায়:
বিশেষজ্ঞরা আইওটি ডিভাইস ব্যবহারকারীদের জন্য বেশ কিছু জরুরি সুরক্ষাকবচ অবলম্বনের পরামর্শ দিয়েছেন:
আপডেট চেক করুন: যেকোনো ডিভাইস কেনার আগেই জেনে নিন নির্মাতা সংস্থা তার সফ্টওয়্যার আপডেটের নিশ্চয়তা কতদিন দেবে।
পাসওয়ার্ড নিরাপত্তা: স্মার্ট ডিভাইস কেনার পর ডিফল্ট বা কোম্পানির দেওয়া পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে পরিবর্তন করে ফেলুন। সর্বদা জটিল ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন: হ্যাকিং থেকে বাঁচতে প্রতিটি ডিভাইসে সম্ভব হলে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন।
নিয়মিত আপডেট: ডিভাইসগুলোতে নতুন কোনো সফটওয়্যার আপডেট এলে তা দ্রুত সম্পন্ন করুন।
পৃথক নেটওয়ার্ক: বাড়িতে স্মার্ট ডিভাইসগুলোর জন্য সম্ভব হলে আলাদা নেটওয়ার্ক বা গেস্ট ওয়াইফাই ব্যবহার করুন, যাতে মেইন কম্পিউটারের তথ্য সুরক্ষিত থাকে।
সতর্কতা: ডিভাইসের ব্যবহার শেষ হলে তা বন্ধ রাখুন বা অপ্রয়োজনীয় ডিভাইস সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন।
ভবিষ্যতে ইন্টারনেটের সাথে যুক্ত ডিভাইসের সংখ্যা আরও বাড়বে। তাই স্মার্ট প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তাকে সমান গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি। সঠিক সচেতনতা এবং সতর্ক ব্যবহারই পারে আপনার স্মার্ট হোমকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে।