‘অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে, অসুর দমন হোক’- ছাব্বিশের ভোটে মমতাকে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অসুর দমনের’ আহ্বান জানিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়ে দিলেন।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, “২৬-এর ভোটে মমতা যেন অসুর দমন করতে পারেন।” তিনি আরও যোগ করেন, “অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে, অসুর যেন দমন হয়।” তৃণমূল সাংসদের এই মন্তব্য সরাসরি কোন পক্ষকে লক্ষ্য করে করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তবে অনেকেই মনে করছেন, বিরোধী শিবির বা দলের অভ্যন্তরে থাকা ‘অবাঞ্ছিত’ শক্তিদের দিকেই তাঁর ইঙ্গিত।
নদীয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত ১
অন্যদিকে, নদীয়ার কৃষ্ণনগরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সুজিত মাহাতো, বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে সুজিত মাহাতো বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে এবং সোজা গিয়ে পাশের একটি দোকানে ঢুকে উল্টে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই হাড়হিম করা দুর্ঘটনার মুহূর্তের ছবি। গুরুতর আহত সুজিত মাহাতোকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খাস কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ: বাজি পোড়ানোর অছিলায় অভব্যতা, ধৃত পরিচিতের স্বামী
কালীপুজোর সন্ধেবেলায় খাস কলকাতার গড়ফায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। তরুণী অভিযোগ করেছেন, বাজি পোড়ানোর অছিলায় তাঁরই এক পরিচিতের স্বামী তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন।
অভিযোগকারিণীর দাবি, কালীপুজোর সন্ধেবেলায় তিনি এক পরিচিত মহিলার বাড়িতে বাজি পোড়াতে গিয়েছিলেন। সেইসময় বাকিরা যখন দূরে গল্প-আড্ডায় মেতেছিলেন, সেই সুযোগে ওই মহিলার স্বামী রীতেশ সিংহ ওরফে সূরয তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ ভোরে অভিযুক্ত রীতেশ সিংহকে গ্রেফতার করেছে।