অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত পরিণতি! বসিরহাটের খালের ঘটনায় পুলিশের অনুমান, ‘খুন করে দেহ ফেলা হয়েছে’, রহস্যভেদ হবে ময়নাতদন্তের পর

রবিবার সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় খাল থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অজ্ঞাতপরিচয় ওই যুবককে অন্য কোথাও খুন করে দেহ খালের জলে ফেলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার অন্তর্গত গোবিন্দপুরে। এদিন সকালে স্থানীয় খাল পাড়ের বাসিন্দারা আচমকা তীব্র দুর্গন্ধ পান। কোথা থেকে গন্ধ আসছে বুঝতে না পেরে তাঁরা খালের দিকে নজর দেন। তখনই দেখতে পান, খালের জলে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের পচাগলা দেহ ভাসছে।

খুন না অন্য কিছু? তদন্তে পুলিশ: খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় খালের জল থেকে পচাগলা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটিতে পচন ধরে যাওয়ায় তাঁকে ঠিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আশপাশের থানাগুলিতে সম্প্রতি কেউ নিখোঁজ হয়েছেন কিনা, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বসিরহাট জেলার এক পদস্থ পুলিশ কর্তা বলেন, “দেহে পচন ধরে যাওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি। আশপাশের থানায় কোনও মিসিং ডায়রি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি খুন নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”

স্থানীয় বাসিন্দাদের অনুমান, দেহটির শরীরে পচন দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই সেটি খালের জলে ফেলা হয়েছে এবং ওই যুবক বহিরাগত। এখনও পর্যন্ত মৃত যুবকের নাম ও পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে মাটিয়া থানার পুলিশ।