অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানের চিন্তা বাড়াল ভারত! চালের বাজারে বড় ‘খেলা’, টার্গেট জাপান-ইন্দোনেশিয়া সহ ২৬ দেশ

চাল রফতানিতে বিশ্বজুড়ে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করতে এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিশ্বের মোট ১.৮ ট্রিলিয়ন (১.৮০ লক্ষ কোটি টাকা) টাকার চাল আমদানির বাজারকে রিপ্লেস করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে জাপান, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ ২৬টি দেশকে বেছে নেওয়া হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট ভৌগোলিক নির্দেশক (GI) সহ উন্নতমানের চাল রফতানি করা হবে।

পাকিস্তানের মাথাব্যথা বাড়াল ভারত: ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে থাইল্যান্ড এবং পাকিস্তানের চাল রফতানির ক্ষেত্রে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এতদিন যেসব বাজারে পাকিস্তান ও থাইল্যান্ডের আধিপত্য ছিল, এবার সেইসব ক্ষেত্রে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে ভারত। এমনিতেই তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য এটি নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

দিল্লিতে আন্তর্জাতিক সম্মেলন, লক্ষ্য ₹২৫,০০০ কোটির MoU: দেশের চাল রফতানির এই বড় পরিকল্পনা বাস্তবায়িত হবে আগামী ৩০ থেকে ৩১ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রাইস কনফারেন্স (BIRC) ২০২৫-এ।

এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথোরিটির (APEDA) চেয়ারম্যান অভিষেক দেব জানিয়েছেন, দুই দিনের এই বিশেষ অনুষ্ঠানে ফিলিপিন্স, ঘানা, নামিবিয়া এবং গাম্বিয়ার বিদেশ মন্ত্রীরা উপস্থিত থাকবেন। মন্ত্রকের লক্ষ্য হল BIRC ২০২৫-এর মাধ্যমে ১.৮০ লক্ষ কোটি টাকার নতুন চাল আমদানি বাজার খোলা এবং ২৫,০০০ কোটি টাকার রফতানির জন্য মৌ (MoU) স্বাক্ষর করা।

অপচয় কমাতে AI-এর ব্যবহার: এই সম্মেলনে চালের গ্রেডিং উন্নত করতে এবং অপচয় কমাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক একটি অত্যাধুনিক মেশিনও প্রদর্শিত হবে। এই প্রযুক্তির মূল লক্ষ্য হল সাদা চালের অপচয় ২৫ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১০ শতাংশে নামিয়ে আনা।

ভারত বিশ্বের বৃহত্তম চাল উৎপাদক: উল্লেখ্য, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী এবং রফতানিকারী দেশ। গত ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত প্রায় ২০.১ মিলিয়ন টন চাল রফতানি করেছে, যার মূল্য ছিল প্রায় ১২.৯৫ বিলিয়ন ডলার। এই কনফারেন্সে প্রায় ৩,০০০ কৃষক এবং কৃষক উৎপাদক সংস্থা (FPO) ছাড়াও ৮০টিরও বেশি দেশের ১,০০০ জনেরও বেশি বিদেশি ক্রেতা অংশগ্রহণ করবেন। গত বছর প্রায় ৪৭ মিলিয়ন হেক্টর জমিতে ১৫ কোটি টন চাল উৎপাদন করেছিল ভারত, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ২৮ শতাংশ। উন্নত কৃষি পদ্ধতির কারণে প্রতি হেক্টর জমিতে ধানের উৎপাদনও বেড়েছে বলে অনুমান করা হচ্ছে।