কয়েকদিনের শীতের দাপট কাটিয়ে আজ থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেরই আবহাওয়ার পরিবর্তন হবে। প্রথমে ঘূর্ণিঝড় সেনিয়ার-এর প্রভাবে শীতের প্রকোপ কিছুটা কমবে। তবে তার প্রভাব কমতে না কমতেই তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে ‘দেতোয়া’ (DITWAH)। এই নামটি দিয়েছে ইয়েমেন।
‘দেতোয়া’-র গতিপথ ও বাংলায় প্রভাব
গতিপথ: দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটি তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূল থেকে। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে।
শক্তি বৃদ্ধি: এই সিস্টেমটি পন্ডিচেরি উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হবে।
ল্যান্ডফল: রবিবার সকালে এটি উত্তর তামিলনাড়ু উপকূল, পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে এবং পন্ডিচেরি উপকূলের কাছাকাছি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।
বাংলার উপর সরাসরি প্রভাব নেই: ঘূর্ণিঝড় ‘দেতোয়া’-র সরাসরি কোনো প্রভাব বাংলায় নেই। তবে এর প্রভাবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে।
Continues below advertisement
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
দক্ষিণবঙ্গে আজ থেকেই তাপমাত্রা উর্ধ্বমুখী হবে।
তাপমাত্রা বৃদ্ধি: আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সপ্তাহান্তে পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে।
বর্তমান তাপমাত্রা: আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে, যা সামান্য বাড়লেও এখনও স্বাভাবিকের নিচে।
কুয়াশার পূর্বাভাস: তাপমাত্রার এই ওঠানামার কারণে আগামী দু-তিন দিন রাজ্যের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা বাড়বে। খুব সকালে এবং উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ বেশি থাকবে। শনি ও রবিবার এই কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে।
বৃষ্টির সম্ভাবনা: আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের আবহাওয়ায় খুব একটা বড় পরিবর্তন এখনই আসছে না।
পার্বত্য অঞ্চলে: দার্জিলিংয়ে পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী কয়েক দিন পার্বত্য এলাকায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই।
নিচের দিকের জেলা: দুই দিনাজপুর এবং মালদা জেলাতে সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টি ও কুয়াশা: উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই, এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।