সফল জীবনের ভিত্তি, শৈশবে গড়ে তুলুন এই ৫টি গুণাবলী!

প্রতিটি মা-বাবাই চান তাঁদের সন্তান ভবিষ্যতে সফল হোক। শৈশব থেকেই কিছু বিশেষ গুণাবলী শিশুদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুণাবলীগুলো তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সুস্থ জীবন ধারণে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি নির্দিষ্ট অভ্যাস ছোটবেলা থেকেই শিশুর মধ্যে থাকলে তারা সফল জীবনের অধিকারী হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই ইতিবাচক লক্ষণগুলো কী কী:

১. সহনশীলতা
শিশুরা সব সময় সমস্যার সমাধান বের করতে পারে না, এবং অনেক সময় তাদের মধ্যে রাগ প্রকাশ পেতে শুরু করে। যদি শিশু ছোটবেলা থেকেই কোনো সমস্যা দেখে সহনশীল হতে শেখে, তবে বুঝতে হবে তার মধ্যে এই গুরুত্বপূর্ণ গুণটি আছে। ছোটবেলা থেকেই শিশুর মধ্যে সহনশীলতার চর্চা করানো অত্যন্ত জরুরি। একবার এটি অভ্যাসে পরিণত হলে, বাকি জীবনে এর ইতিবাচক ফল দেখা যায়।

২. কৌতূহল
“আকাশ কেন নীল?” বা “সাগরে এত জল আসে কোথা থেকে?”— এমন হাজারো প্রশ্ন শিশুদের মনে ঘুরপাক খায়। বড়দের মধ্যে যারা এই প্রশ্নগুলোর উত্তর দেন, তারা শিশুর কৌতূহলকে আরও বাড়িয়ে তোলেন। ছোটবেলা থেকেই যদি শিশুর মধ্যে কৌতূহল তৈরি হয়, তবে তার মধ্যে উন্নতির লক্ষণ দেখা যায়। কারণ কৌতূহলী দৃষ্টি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।

৩. স্ব-শৃঙ্খলা
সুশৃঙ্খল গুণাবলী একজন সফল মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আর এই গুণ যদি ছোটবেলা থেকেই তৈরি হয়, তাহলে তো সোনায় সোহাগা! প্রতিটি শিশুর ব্যবহার, বোধ-বুদ্ধি, পরিস্থিতি বিচার করার ক্ষমতা আলাদা হয়। তাই শৃঙ্খলা এই সময়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়। যদি শৈশব থেকে নিয়মানুবর্তিতার অনুশীলন করানো হয়, তবে একদিন তাদের জীবন সাফল্যমণ্ডিত হবেই।

৪. সহমর্মিতা
বর্তমান যুগে সন্তানের মধ্যে সহমর্মিতার মতো দুর্লভ গুণাবলী থাকা অত্যন্ত প্রয়োজন। মা-বাবারা তাদের সন্তানকে যোগ্য করে তোলার জন্য যখন ইঁদুরদৌড় প্রতিযোগিতায় সামিল, তখন যদি কোনো শিশু জন্মগতভাবে সহজাত সহমর্মিতাপ্রবণ হয়, তবে তা এক বিরাট প্রাপ্তি। সহমর্মিতা এই সময়ে একটি বিরল বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাই শিশু যদি সহমর্মিতার গুণ নিয়ে বড় হয়, তবে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়।

৫. সৃজনশীলতা
পরিবার, সমাজ এবং প্রকৃতি থেকে শিশু যে বিষয়ে আগ্রহী হয় এবং ধারণা সংগ্রহ করে, তা তার জীবন গড়তে সাহায্য করে। প্রতিটি শিশুর বেড়ে ওঠার নিজস্ব ছন্দ থাকে। যদি শিশুর মধ্যে নিজস্ব চিন্তার স্বতন্ত্রতা বা সৃজনশীলতা দেখতে পান, তবে সে জীবনে অবশ্যই উন্নতি করবে।