সকালে ৩-৪টি খেজুরেই বাজিমাত! দূর হবে পেটের রোগ, বাড়বে এনার্জি ও হাড়ের শক্তি

খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ এবং ভিটামিনে ভরপুর। তাই প্রতিদিন সকালে ৩-৪টি খেজুর খেলে শরীরের একাধিক উপকার পাওয়া যায়। বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্য বা পেটের অন্য কোনো সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই ফল কোনো মহৌষধির চেয়ে কম নয়! তবে এখানেই শেষ নয়, খেজুরের আরও অনেক স্বাস্থ্যগুণ রয়েছে।

এনার্জির ঘাটতি দূর করে: খেজুরে গ্লুকোজ, ফ্রকটোজ এবং সুক্রোসের মতো প্রাকৃতিক শর্করা থাকে, যা রক্তে মেশার সঙ্গে সঙ্গেই শরীরে দ্রুত শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাই যখনই শরীরে দুর্বলতা অনুভব করবেন, ১-২টি খেজুর খেয়ে নিন।

হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়: খেজুর ডায়াটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ায় নিয়মিত খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমতে শুরু করে। ফলে হঠাৎ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায়। এছাড়াও, এতে উপস্থিত পটাশিয়াম হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়।

ওজন বাড়াতে সাহায্য করে: যাদের ওজন নানা কারণে অতিরিক্ত কমে যাচ্ছে, তারা খেজুর খাওয়া শুরু করতে পারেন। খেজুরে থাকা ক্যালোরি শরীরে ভাঙন রোধ করে ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্রেন পাওয়ার বাড়ায়: খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং পটাশিয়াম থাকে, যা নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়ায় এবং সার্বিকভাবে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। এটি বুদ্ধি এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্যের প্রকোপ কমায়: সকালে পেট পরিষ্কার না হওয়া একটি সাধারণ সমস্যা। নিয়মিত খেজুর খেলে এর অন্দরে থাকা ফাইবার বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।

পেটের একাধিক রোগ কমায়: প্রচুর ফাইবার থাকার কারণে নিয়মিত খেজুর খেলে বাওয়েল মুভমেন্টের মারাত্মক উন্নতি ঘটে। ফলে বদহজম, কোলাইটিস এবং হেমোরয়েডের মতো পেটের রোগগুলির প্রকোপ কমতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৩টি করে খেজুর খেলে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায়।

হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়: খেজুরে উপস্থিত খনিজ এবং ভিটামিন হাড়কে এতটাই শক্তিশালী করে তোলে যে বয়স্কালে অস্টিওপোরোসিসের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ: খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা একাধিক রোগকে দূরে রাখার পাশাপাশি শরীরের গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও, এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যা সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।

অ্যানিমিয়া রোগ দূরে রাখে: শরীরে আয়রনের ঘাটতি দেখা দিলে অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে। খেজুর আয়রন সমৃদ্ধ হওয়ায় শরীরে এই খনিজটির অভাব পূরণ করে এবং অ্যানিমিয়া রোগের প্রকোপ কমাতে সাহায্য করে।

অ্যালার্জির প্রকোপ কমায়: ২০০২ সালে প্রকাশিত একটি গবেষণা পত্রে দাবি করা হয়েছিল, খেজুরে উপস্থিত সালফার কম্পাউন্ড অ্যালার্জির মতো রোগ থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

সুতরাং, সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় ৩-৪টি খেজুর যোগ করা অত্যন্ত উপকারী।