বিপদ ঢাকছে কানে! কটন বাড নয়, কান পরিষ্কারের সঠিক পদ্ধতি জেনে নিন

অনেকেই কান চুলকানো বা কানের ময়লা পরিষ্কার করার জন্য হরহামেশা কটন বাড ব্যবহার করেন। আবার কেউ কেউ কোনো প্রয়োজন ছাড়াই নিছক অভ্যাসের বশে কানের ভেতরে কটন বাড দিয়ে আরাম খোঁজেন। কিন্তু চিকিৎসকরা বারবার সতর্ক করছেন, কটন বাড ব্যবহার করা কানের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এতে কানের গুরুতর ক্ষতি হতে পারে। ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের একটি প্রতিবেদনে কটন বাড ছাড়াই কান পরিষ্কার করার তিনটি নিরাপদ উপায় জানানো হয়েছে।
কটন বাড কেন বিপজ্জনক?
কানের ভেতরে কটন বাড ঢোকালে ময়লা পরিষ্কার হওয়ার বদলে উল্টো তা আরও ভেতরের দিকে ঠেলে চলে যায়। এর ফলে কানের পর্দা (eardrum) ক্ষতিগ্রস্ত হতে পারে, যা থেকে শ্রবণশক্তি হারানোর ঝুঁকি থাকে। এছাড়াও, কানের ভেতরের সংবেদনশীল ত্বকে আঘাত লেগে সংক্রমণও হতে পারে।
কান পরিষ্কারের নিরাপদ উপায়
কানের সুরক্ষার জন্য কটন বাডের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করা উচিত। এর পরিবর্তে এই তিনটি সহজ ও নিরাপদ উপায় অনুসরণ করতে পারেন:
কানের বাইরের অংশ পরিষ্কার রাখুন: শুধুমাত্র আপনার কানের বাইরের অংশের জন্য কটন বাড ব্যবহার করতে পারেন, তবে তার চেয়েও ভালো হয় যদি একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে আলতো করে কানের বাইরের দিকটা মুছে নেন। কানের ভেতরে কটন বাড ঢুকানো থেকে বিরত থাকুন।
তেল ও জল দিয়ে ময়লা নরম করা: কানের ভেতরের ময়লা পরিষ্কার করতে হলে প্রথমে কয়েক ফোঁটা বেবি অয়েল বা গ্লিসারিন অথবা কানের ড্রপ কানে দিন। এতে কানে জমে থাকা শক্ত ময়লা নরম হয়ে যাবে। কয়েকদিন পর, কয়েক ফোঁটা হালকা গরম জল কানে ঢালুন। এরপর যে কানের ভেতরে জল দিয়েছেন, সেই দিকে মাথা ঝুঁকিয়ে দিন যাতে জলটা বেরিয়ে যেতে পারে। জল বেরিয়ে গেলে কানের বাইরের অংশটা একটি পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে নিন। কোনোভাবেই কটন বাডস বা অন্য কিছু কানের ভেতরে ঢোকাবেন না।
হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার: মাথা একদিকে কাত করে ওপরের দিকে থাকা কানে কয়েক ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড (৩% সলিউশন) দিন। এভাবে ১০ থেকে ১৫ মিনিট ওই অবস্থায় থাকুন। এরপর মাথাটা উল্টো করলে দেখবেন কানের ভেতরের সলিউশন বেরিয়ে আসবে এবং এর সঙ্গে কানও পরিষ্কার হয়ে যাবে। এটি কানের ময়লা নরম করে বের করে দিতে সাহায্য করে।