পড়তে বসলেই রাজ্যের ঘুম? এই ১৭টি কৌশল আপনাকে জেগে থাকতে সাহায্য করবে!

সারাদিন হাজার চেষ্টা করেও যাদের চোখে ঘুম আসে না, তাদের অনেকেই পড়তে বসলেই ঝিমুনি অনুভব করেন। মনে হয় যেন বই খোলার সঙ্গে সঙ্গেই রাজ্যের ঘুম এসে ভর করে চোখে। পড়তে বসে ঘুম আসেনি, এমন ছাত্র খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ছাত্রজীবনে এই ঘুমের কারণে অনেকের পরীক্ষাও খারাপ হয়েছে।
এই চিরন্তন সমস্যা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরও তাড়া করে ফেরে। কীভাবে পড়ার সময় ঘুম আসা বন্ধ করা যায়, তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তবে কিছু কার্যকরী কৌশল জানা থাকলে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পরীক্ষার আগে জেগে থেকে পড়াশোনা করার জন্য ১৭টি বাস্তবসম্মত পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো:
শারীরিক প্রস্তুতি:
১. পর্যাপ্ত জল পান করুন: ডিহাইড্রেশন আপনার মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দিতে পারে এবং ঘুমঘুম ভাব তৈরি করতে পারে। পড়ার সময় টেবিলে ঠান্ডা জলের বোতল রাখুন এবং সারা দিন অল্প অল্প করে পান করুন। প্রতিদিন অন্তত ২ লিটার জল পান করা উচিত।
২. প্রয়োজন ভালো ঘুম: রাতে পর্যাপ্ত ঘুম না হলে দিনের বেলায় ঘুম আসা স্বাভাবিক। সুস্বাস্থ্যের জন্য প্রতি রাতে ৭-৮ ঘণ্টা ঘুমানো জরুরি। নিয়মিত একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন।
৩. স্বাস্থ্যকর খাবার খান: শর্করা ও ফ্যাটযুক্ত খাবার তন্দ্রাচ্ছন্নতা বাড়ায়। তাই পড়ার সময় পুষ্টিকর ও ফাইবার সমৃদ্ধ খাবার খান। খাদ্যতালিকায় সালাদ, ডাল, ফল ও সবুজ সবজি যোগ করুন। বাদাম বা এনার্জি বার খেতে পারেন।
৪. পাওয়ার ন্যাপ নিন: পড়তে পড়তে খুব ঘুম পেলে ২০-৩০ মিনিটের একটি পাওয়ার ন্যাপ নিতে পারেন। এটি জেগে ওঠার পর মনোযোগ বাড়াতে সাহায্য করবে।
৫. ঘোরাফেরা করুন: ঘুম পেলে টেবিল ছেড়ে উঠে কিছুক্ষণ হাঁটুন বা পছন্দের গান শুনে নাচতে পারেন। ১০ মিনিটের জন্য বাইরে হেঁটে আসা বা ঘরে পায়চারি করাও কাজে দেবে।
পদ্ধতিগত কৌশল:
৬. একটানা দীর্ঘক্ষণ পড়বেন না: একটানা ২ ঘণ্টার বেশি পড়া উচিত নয়। প্রতি ২ ঘণ্টা পর বা ২৫ মিনিট পড়ার পর ৫ মিনিটের বিরতি নিন। এই সময় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। প্রতি ২ ঘণ্টা পর ২০ মিনিটের দীর্ঘ বিরতিও নিতে পারেন।
৭. জোরে জোরে পড়ুন ও লিখুন: মনে মনে পড়ার চেয়ে জোরে জোরে পড়লে মনোযোগ ধরে রাখা সহজ হয়। পাশে একটি রাফ খাতা রাখুন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখুন। এটি শরীরকে ব্যস্ত রাখবে ও ঘুম তাড়াবে।
৮. বিষয় পরিবর্তন করে পড়ুন: একই বিষয় দীর্ঘক্ষণ পড়লে ঘুম আসতে পারে। ঘুম পেলে অন্য কোনো পছন্দের বিষয়ে মনোযোগ দিন। গভীর রাতে জটিল বিষয় এড়িয়ে চলুন।
৯. আরাম পরিহার করুন: বিছানায় বা হেলান দিয়ে পড়বেন না। পড়ার স্থান ও ঘুমের স্থান আলাদা রাখুন।
১০. ঘন ঘন মুখ ধোন: যখনই ঘুম পাবে, ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। দাঁত ব্রাশও করতে পারেন।
১১. নিজের সঙ্গে কথা বলুন: পড়ার সময় নিজের লক্ষ্যের কথা বলুন (“আমি পরীক্ষায় ভালো করব!”)। এটি আত্মবিশ্বাস বাড়াবে ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।
১২. চোখের বিশ্রাম দিন: ডিজিটাল স্ক্রিনে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে প্রতি ২০ মিনিটে কিছুক্ষণের জন্য স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিন।
১৩. গান শুনুন: হালকা ইন্সট্রুমেন্টাল গান মনোযোগ ধরে রাখতে সাহায্য করতে পারে। ঘুম পেলে গানের ধরন পরিবর্তন করুন।
১৪. আকুপ্রেশার: ঘুম পেলে মাথার উপরের অংশ, হাতের পেছনে, হাঁটুর নিচে ও ঘাড়ের পেছনের অংশে কিছুক্ষণ চাপ দিন।
১৫. চুইংগাম চিবান: মুখ ব্যস্ত থাকলে মনোযোগ হারানো ও ঘুমের প্রবণতা কমে।
১৬. ক্যাফিনেটেড পানীয়: কফি বা চা পান করতে পারেন, তবে অতিরিক্ত ক্যাফিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
১৭. বন্ধুদের সাথে পড়ুন: দলবদ্ধভাবে পড়াশোনা করলে ঘুম আসার সম্ভাবনা কমে এবং বিষয়গুলো ভালোভাবে বোঝা যায়।
এই ১৭টি ব্যবহারিক পদ্ধতি অবলম্বন করে আপনি পড়ার সময় ঘুম আসা বন্ধ করতে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন।