নাক ডাকা বন্ধে যুগান্তকারী আবিষ্কার! অশান্তি এড়াতে এলো ‘সাইলেন্ট পার্টনার’

রাতের ঘুম শান্তির প্রতীক হলেও, পাশের সঙ্গীর নাক ডাকার শব্দ অনেকের রাতের ঘুম কেড়ে নেয়। এই নিয়ে বহু পরিবারে অশান্তি নিত্যনৈমিত্তিক ঘটনা। নাক ডাকা রোধে অনেকেই নানা পদ্ধতি অবলম্বন করেও ব্যর্থ হয়েছেন। তবে এবার সেই সমস্যার সমাধানে আশার আলো দেখাচ্ছে আমেরিকা। দেশটির একদল প্রযুক্তিবিদ তৈরি করেছেন একটি বিশেষ যন্ত্র, যা নাক ডাকার শব্দ কমিয়ে এনে শান্তির ঘুম এনে দিতে পারে।
চিকিৎসকদের মতে, নাক ডাকা শুধু ঘুমের ব্যাঘাতই ঘটায় না, এটি উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার ঝুঁকির পূর্বাভাসও হতে পারে। লন্ডনের দ্য প্রাইভেট ক্লিনিকের নাক-কান-গলারোগ বিশেষজ্ঞ শল্য চিকিৎসক নাক ডাকার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্রের একদল প্রযুক্তিবিদ উদ্ভাবন করেছেন ‘সাইলেন্ট পার্টনার’ (Silent Partner) নামের একটি বিশেষ যন্ত্র। এই ডিভাইসটি নাক ডাকার শব্দের তীব্রতা কমিয়ে দেবে, ফলে পাশে ঘুমন্ত ব্যক্তির ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না। যন্ত্রটি অনেকটা ‘নয়েজ-ক্যান্সেলিং’ হেডফোনের মতোই কাজ করে। হালকা সংবেদনশীল সেন্সরযুক্ত এই যন্ত্রটি নাকের দুই পাশে লাগানো যাবে এবং এটি ঘুমের যেকোনো অবস্থানের জন্যই নিরাপদ। এই প্রকল্পের গবেষক নেটানেল আইয়াল জানিয়েছেন, নতুন এই যন্ত্রটি নাকের উপরে লাগিয়ে ঘুমালে নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
তিনি আরও জানান, ঘুমন্ত মানুষের নাকের আওয়াজের একটি নির্দিষ্ট কম্পাঙ্ক এবং ধরণ রয়েছে, যা সাধারণ কথাবার্তা বা অন্যান্য আওয়াজের থেকে আলাদা। তিনি ও তার সহযোগী গবেষকেরা এই যন্ত্রের কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। ঘুমের মধ্যে শ্বাসকষ্টে ভোগা রোগীদের কথা মাথায় রেখে তারা এখন এই যন্ত্রটির আরও উন্নত সংস্করণ তৈরির পরিকল্পনা করছেন। এই ডিভাইসের প্যাচ প্রতি মাসে একবার পরিবর্তন করলেই যথেষ্ট।
‘সাইলেন্ট পার্টনার’ ডিভাইসে রয়েছে রিচার্জযোগ্য ব্যাটারি, মাইক্রোফোন ও স্পিকার। মাইক্রোইউএসবি ওয়্যার এবং সাধারণ মোবাইল ফোন চার্জারের মাধ্যমেই এটি চার্জ করা যাবে। ৯৯ ডলার মূল্যের এই ডিভাইসটি চলতি বছরের নভেম্বর মাস নাগাদ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এই যন্ত্রটি বাজারে এলে নাক ডাকার সমস্যায় জর্জরিত বহু মানুষ শান্তির ঘুম ফিরে পাবেন, এমনটাই আশা করছেন নির্মাতারা।