বর্তমান ডিজিটাল যুগে ঘাড়ের ব্যথা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারাদিন মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে এই সমস্যা দ্রুত ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম থেকে শুরু করে মধ্যবয়স্কদের মধ্যেও। চিকিৎসকদের মতে, এই অবস্থাকে ‘টেক-নেক’ সিন্ড্রোম বলা হয়। দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে কাজ করার ফলে ঘাড়ের পেশিতে টান পড়ে, যা অসহনীয় ব্যথার কারণ হয়। শুধু প্রযুক্তির ব্যবহারই নয়, শিরদাঁড়ার সমস্যা, আর্থ্রাইটিস বা স্পন্ডিলসিসের মতো রোগও এই ব্যথার জন্য দায়ী। একবার ব্যথা শুরু হলে তা দৈনন্দিন জীবনকে ব্যাহত করে তোলে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার মূলমন্ত্র হলো নিয়মিত শরীরচর্চা, সঠিক ভঙ্গিতে বসা এবং মনকে শান্ত রাখা। ঘাড়ের ব্যথা কমাতে কিছু সহজ ঘরোয়া উপায়ও রয়েছে, যা খুব কার্যকর হতে পারে।
ঘরোয়া উপায়ে ঘাড়ের ব্যথা দূর করার কৌশল
তেল ম্যাসাজ: হালকা গরম নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে ঘাড় ও কাঁধে ১০ মিনিট ম্যাসাজ করলে পেশি শিথিল হয় এবং ব্যথা কমে। এটি রক্ত সঞ্চালনকে উন্নত করে পেশির টান কমাতে সাহায্য করে।
হাইড্রোথেরাপি: ঘাড়ের ব্যথায় ‘হাইড্রোথেরাপি’ অত্যন্ত কার্যকর। গরম ও ঠান্ডা জলের পর্যায়ক্রমিক ব্যবহার ঘাড়ের পেশিকে আরাম দেয়। প্রথমে ৩-৪ মিনিট গরম জল দিয়ে, তারপর ৩০-৬০ সেকেন্ড ঠান্ডা জল দিয়ে সেঁক দিন। এই পদ্ধতি ১৫ মিনিটের জন্য অনুসরণ করলে ব্যথা অনেকটাই কমে যাবে।
হলুদের ব্যবহার: হলুদে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ব্যথা কমাতে সাহায্য করে। সামান্য হলুদের গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যথার জায়গায় লাগাতে পারেন। অথবা, এক গ্লাস গরম দুধে এক চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য মধু মিশিয়ে দিনে দু’বার পান করলে তা অভ্যন্তরীণভাবে ব্যথা কমাতে সাহায্য করবে।
আইস প্যাক: ব্যথা শুরু হওয়ার প্রথম দিকে আইস প্যাক ব্যবহার করলে প্রদাহ কমে এবং আরাম পাওয়া যায়। একটি প্যাকেটে বরফের টুকরো ভরে বা একটি তোয়ালেতে বরফ মুড়িয়ে ব্যথার জায়গায় ১৫ মিনিটের জন্য রাখুন। এটি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন।
ঘাড়ের জন্য বিশেষ ব্যায়াম: ঘাড়ের কিছু সহজ ব্যায়াম পেশিকে শক্তিশালী করতে এবং ব্যথা কমাতে সাহায্য করে। ব্যায়াম শুরুর আগে গরম সেঁক দিয়ে নিলে ভালো ফল পাওয়া যায়। এরপর ধীরে ধীরে ঘাড়কে ক্লক-ওয়াইজ এবং অ্যান্টি-ক্লক-ওয়াইজ ঘোরান। একইভাবে ঘাড়কে সামনে-পিছনে এবং ডান-বাঁ দিকে ধীরে ধীরে ঘোরান। প্রতিদিন ১৫ মিনিট ধরে এই ব্যায়ামগুলো করলে ব্যথার উপশম হবে।
তবে, যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা তীব্রতা বাড়ে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।





