৯৮-তে প্রয়াত ‘নীচা নগর’ তারকা কামিনী কৌশল! ধর্মেন্দ্রর প্রথম নায়িকার জীবনাবসানে শোকের ছায়া

বলিউডে শোকের ছায়া! আর মাত্র দুটো বছর কাটালেই শতায়ু হতেন, কিন্তু বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কাছে হার মানলেন কিংবদন্তী অভিনেত্রী কামিনী কৌশল (Kamini Kaushal)। বৃহস্পতিবার ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘বিরাজ বহু’, ‘জিদ্দি’, ‘নদীয়া কে পার’-এর মতো কালজয়ী ছবির এই অভিনেত্রী। অভিনেত্রীর পরিবার ঘনিষ্ঠ সূত্রে এই দুঃখজনক খবর নিশ্চিত করেছে এবং এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

ভারতীয় সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কামিনী কৌশল। তাঁর ফিল্মি কেরিয়ার সাত দশকেরও বেশি বিস্তৃত, যেখানে তিনি ৯০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। ১৯৪৬ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি ‘নীচা নগর’ (Neecha Nagar) দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু, যা প্রথম কান চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ পাম ডি’অর (গোল্ডেন পাম) জিতে ইতিহাস তৈরি করেছিল।

পরবর্তীকালে তিনি ‘শহীদ’, ‘শবনম’, ‘আরজু’, ‘দো ভাই’, ‘পরশ’ এবং ‘ঝাঁজার’-এর মতো অসংখ্য উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন। টেলিভিশনেও তিনি সমান জনপ্রিয় ছিলেন, বিশেষ করে দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘চান্দ সিতারে’-তে তাঁর কাজ তাঁকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছিল।

কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রও তাঁর প্রথম ছবি ‘শহীদ’-এ কামিনী কৌশলের সঙ্গে জুটি বেঁধেছিলেন। ধর্মেন্দ্র নিজের ইন্সটাগ্রামে তাঁদের প্রথম সাক্ষাতের একটি ছবি শেয়ার করে একসময় লিখেছিলেন, “আমার জীবনের প্রথম সিনেমা শহীদ-এর হিরোইন কামিনী কৌশলের সঙ্গে প্রথম সাক্ষাতের প্রথম ছবি ৷ এক সুন্দর ভালোবাসাময় মুহূর্ত ৷”

দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ এবং অশোক কুমারের মতো স্বর্ণযুগের তারকাদের সঙ্গে কাজ করেছেন কামিনী। দিলীপ কুমারের সঙ্গে তাঁর জুটি ‘নদীয়া কে পার’, ‘শহীদ’, ‘শবনম’ এবং ‘আরজু’-এর মতো সিনেমায় ব্যাপক প্রশংসা অর্জন করেছিল, যা আজও সিনেমা প্রেমীদের হৃদয়ে অমলিন। তাঁর প্রয়াণে এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।