পুলিশের পোশাকে বাইক নিয়ে ধেয়ে আসছেন যিশু! পুজোর চমক নিয়ে হাজির ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’

২০২৪ সালের বক্স অফিস কাঁপানো ব্লকবাস্টার ছবি ‘বহুরূপী’-র অবিশ্বাস্য সাফল্যের পর এবার তার সিক্যুয়েল নিয়ে ফিরছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ছবির নাম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। চলতি বছরের পুজোর মরশুমে মুক্তি পেতে চলা এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে রথযাত্রার পুণ্যলগ্নে ছবির নির্মাতারা দিলেন এক বিশাল চমক। প্রথম ছবির পুলিশ অফিসার আবির চট্টোপাধ্যায়ের জায়গায় সিক্যুয়েলে এবার পুলিশের ভূমিকায় পর্দায় আগুন ঝরাবেন টলিউডের অন্যতম দাপুটে অভিনেতা যিশু সেনগুপ্ত।
এদিন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে যিশু সেনগুপ্তর চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ করেছেন। ছবিতে যিশুর লুক একেবারেই অন্যরকম। কাদাজল উড়িয়ে ক্ষিপ্ত মুখে বাইক নিয়ে এগিয়ে আসছেন আইসি অয়ন বন্দ্যোপাধ্যায়—উর্দিতে যিশুকে দেখে দর্শক চমকে গিয়েছেন। বাইকের গায়ে শোভা পাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের লোগো। শিবপ্রসাদ তাঁর পোস্টে আবেগঘন কণ্ঠে লিখেছেন, ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’-র পর উইন্ডোজ প্রোডাকশন হাউসের ২৫ বছর পূর্তিতে যিশুর সাথে আবারও রিউনিয়ন হচ্ছে। এবারের পুজোয় যিশুর সাথে বড় পর্দায় দর্শককে স্বাগত জানাতে প্রস্তুত গোটা টিম।
পরিচালনায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। যিশু সেনগুপ্ত ছাড়াও ‘বহুরূপী ২’ ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে। জানা গেছে, ২০২৬ সালের দুর্গাপূজায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে এই হাই-ভোল্টেজ রিলিজের পথে রয়েছে কঠিন প্রতিযোগিতা। বক্স অফিসে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুখোমুখি হবে ‘দেশু ৭’, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ এবং ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-এর মতো বড় বাজেটের ছবিগুলোর।
যিশু সেনগুপ্তর এই অকুতোভয় পুলিশের লুক প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। প্রথম ছবির অসামান্য সাফল্যের স্মৃতি এখনও দর্শকদের মনে টাটকা। সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী লিখেছেন, “বহুরূপী আজও ভুলতে পারিনি, দুবার দেখেছিলাম। ‘দ্য গোল্ডেন ডাকু’র অপেক্ষায় ছিলাম, যিশুর লুকে সেই আগ্রহ আরও বহুগুণ বেড়ে গেল।” পরিচালক ও অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার বহু তারকা। এখন দেখার, প্রথম ছবির মতোই এই সিক্যুয়েল বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে কি না।