রথের দিনই বড় চমক! ‘ডাক্তার কাকু’ হয়ে বড়পর্দায় ফিরছেন প্রসেনজিৎ, শিক্ষক দিবসেই মুক্তি

রথযাত্রার পুণ্যলগ্নে টলিপাড়ায় বড় চমক দিলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘অভিমান’ ছবিতে রকস্টার অবতারের পর এবার এক সম্পূর্ণ ভিন্ন মেজাজের চরিত্রে দর্শকদের মন জয় করতে আসছেন তিনি। পরিচালক পাভেলের নতুন সিনেমা ‘ডাক্তার কাকু’-তে নামভূমিকায় দেখা যাবে তাঁকে। রথের দিন সকালেই প্রকাশ্যে এসেছে ছবিটির প্রথম পোস্টার, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে।

পোস্টারে দেখা যাচ্ছে, এক ব্যক্তি স্কুটি চালিয়ে এগিয়ে চলেছেন, সামনে আলোর ছটা আর চারপাশটা কিছুটা রহস্যময় আবহে ঢাকা। পোস্টারের সঙ্গেই ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির দিন। আগামী ৪ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

ছবিটি নিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক ও অভিনেত্রী এনা সাহা জানান, ‘ডাক্তার কাকু’ কোনো নির্দিষ্ট বাস্তব চরিত্র অবলম্বনে তৈরি নয়। তবে বাস্তব জীবনে এমন বহু চিকিৎসক রয়েছেন, যাঁরা নিজের পরিবার বা ব্যক্তিগত সময়ের কথা না ভেবে দিনরাত মানুষের সেবা করে যান। ডাক্তার কাকু তেমনই এক চরিত্র—যাঁর নীতি, আদর্শ এবং শিক্ষার ভিত অত্যন্ত মজবুত। ছবির গল্পে একই সঙ্গে ফুটে উঠবে বাবা ও ছেলের টানাপোড়েন এবং একজন আদর্শ চিকিৎসকের লড়াইয়ের কথা।

ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋদ্ধি সেন এবং এনা সাহাকে। ঋদ্ধি সেনকে দেখা যাবে ‘পুশকিন’ নামের এক যুবকের চরিত্রে, যে ডাক্তার কাকুর ছেলে। পরিচালক পাভেল নিজে এই ছবিতে ‘পচা’ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুলিকা বসু, সুচন্দ্রা এবং শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচিত মুখেরা।

সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, “চিন্তা নেই, আর অপেক্ষা করতে হবে না, ‘ডাক্তার কাকু’ আসছে ৪ সেপ্টেম্বর। এবার সব ঠিক হয়ে যাবে। শিক্ষক দিবসে, শিক্ষা শুধু শ্রেণিকক্ষে নয়— সিনেমার পর্দাতেও পাওয়া যাবে।”

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন পাভেল। মেটাট্রন প্রোডাকশনসের ব্যানারে এনা সাহা ও বনানী সাহার প্রযোজনায় তৈরি এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। প্রসেনজিতের অভিনীত ‘ডাক্তার কাকু’ অর্থাৎ দিলীপ সাহা পাড়ার মানুষের কাছে এক জীবন্ত ঈশ্বর। ডাক্তারি পেশার শপথকে যিনি জীবনের পরম ধর্ম বলে মনে করেন। সেই সাদা মনের মানুষের লড়াই কতটা হৃদয়স্পর্শী হয়ে ওঠে, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন টলিপাড়ার সিনেমাপ্রেমীরা। শিক্ষক দিবসের আবহে ‘ডাক্তার কাকু’ কি বক্স অফিসে নতুন নজির গড়বে? উত্তর মিলবে ৪ সেপ্টেম্বর।