টলিউড নায়কের স্ত্রীকে এবার নতুন ভূমিকায়! জিৎ-পত্নী মোহনা মদনানি গানে গানে খুঁজলেন শান্তির পথ

টলিউড অভিনেতা জিৎ (Jeet) দীর্ঘকাল ধরে বাংলা সিনেমায় নায়ক হিসেবে হাজারো মানুষের মন জয় করেছেন। কিন্তু তাঁর পরিবার বরাবরই প্রচারের আলো থেকে দূরত্ব বজায় রাখেন। এবার সেই নীরবতা ভেঙে বিনোদন দুনিয়ায় নতুন ভূমিকায় পা রাখলেন অভিনেতার স্ত্রী মোহনা মদনানি (Mohna Madnani)। সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন জিৎ-পত্নী, এবং তাঁর প্রথম গানটি হলো জনপ্রিয় আরতি— ‘ওম জয় জগদীশ হরে’।
পারিবারিক অনুষ্ঠানে মোহনাকে দেখা গেলেও, ফিল্মি পার্টি বা প্লেব্যাকে তাঁর উপস্থিতি ছিল না। তবে গানের প্রতি তাঁর ভালোবাসা ছিল চিরকাল। এবার এককভাবে এই ভক্তিমূলক গানটি রেকর্ড করেছেন তিনি। মোহনা জানান, প্রথম গান হিসেবে তিনি ঈশ্বরের গানই বেছে নিয়েছেন। গোটা রেকর্ডিং জুড়ে ছিল ভক্তি, ভালোবাসা আর শান্তির পরিবেশ। ইতিমধ্যেই ইউটিউবে গানটি মুক্তি পেয়েছে।
নিজের প্রথম গান নিয়ে উচ্ছ্বসিত মোহনা বলেন, “গান চিরকালই আমার খুব কাছের একটা বিষয়। এই সুযোগ পাওয়া যেন ঈশ্বরের কৃপা। আমি নতুন করে নিজের আরেকটা সত্ত্বা আবিষ্কার করেছি যেন।” তিনি বিশ্বাস করেন, এই গানটা গাওয়ার সময় তিনি যে আধ্যাত্মবোধ অনুভব করেছেন, শ্রোতারাও সেই শান্তি অনুভব করবেন।
প্রসঙ্গত, জিৎ-কে আগামীতে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমায় একেবারে অন্য লুকে দেখা যাবে। পথিকৃৎ বসু পরিচালিত এই ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবিটি বক্সঅফিসে কতটা সাফল্য পায়, এখন সেটাই দেখার। বর্তমানে সেই ছবির প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন টলিউডের এই অভিনেতা।