নব্বই দশকের সেই স্মৃতি আজও অমলিন। টিভির পর্দায় ‘শক্তিমান’ আর ‘তামরাজ কিলভিশ’-এর লড়াই দেখতে মুখিয়ে থাকত আট থেকে আশি। কিন্তু সেই লড়াই এবার পর্দা ছাপিয়ে বাস্তবে। তবে এবার লড়াইটা আর ন্যায় বনাম অন্যায়ের নয়, লড়াইটা হলো কাস্টিং নিয়ে। বড় পর্দায় শক্তিমানের প্রত্যাবর্তন নিয়ে মুকেশ খান্না এবং রণবীর সিংয়ের মধ্যে যে দড়ি টানাটানি চলছে, তাতে এবার এন্ট্রি নিলেন স্বয়ং অন্ধকারের রাজা কিলভিশ ওরফে প্রবীণ অভিনেতা সুরেন্দ্র পাল। মুকেশ খান্নার অনড় অবস্থানের বিরুদ্ধে গিয়ে তিনি সরাসরি রণবীর সিংয়ের পাশে দাঁড়িয়েছেন।
রণবীরের হয়ে সওয়াল কিলভিশের:
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুরেন্দ্র পাল কার্যত বোমা ফাটিয়েছেন। তিনি মনে করেন, আজকের প্রজন্মের কাছে শক্তিমান হিসেবে রণবীর সিং একজন আদর্শ বিকল্প হতে পারেন। সুরেন্দ্র পালের কথায়, “রণবীর সিং দুর্দান্ত অভিনেতা। ‘ধুরন্ধর’ সিনেমায় তাঁর কাজ দেখার পর আমি ওঁর বড় ভক্ত হয়ে গিয়েছি। ওঁর যে এনার্জি এবং অভিনয় দক্ষতা, তা শক্তিমান চরিত্রের জন্য উপযুক্ত।” শুধু তাই নয়, মুকেশ খান্নাকে নিজের ‘একগুঁয়েমি’ ছাড়ার পরামর্শও দিয়েছেন সুরেন্দ্র পাল। তাঁর মতে, সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা প্রসস্থ করা প্রয়োজন, নয়তো এই আইকনিক প্রজেক্ট আলোর মুখ দেখবে না।
কেন রণবীরকে দুচোখে দেখতে পারছেন না মুকেশ খান্না?
অন্যদিকে, ভারতের প্রথম সুপারহিরো তথা আসল শক্তিমান মুকেশ খান্না নিজের অবস্থানে অনড়। তাঁর মতে, শক্তিমান কেবল একটি অ্যাকশন চরিত্র নয়, এটি একটি আদর্শ এবং আধ্যাত্মিক ভাবমূর্তি। মুকেশ খান্নার সাফ কথা, “রণবীর সিং খিলজি বা গল্লি বয় হিসেবে সফল হতে পারেন, কিন্তু শক্তিমানের সেই শান্ত এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব তাঁর নেই।” এই কাস্টিং নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি এমনকি সোনি পিকচার্সের কোটি টাকার চুক্তি ফিরিয়ে দিতেও পিছপা হননি। তিনি চেয়েছিলেন দেশজুড়ে অডিশন নিয়ে কোনও নতুন এবং স্নিগ্ধ চেহারার মুখকে শক্তিমান হিসেবে তুলে ধরতে।
ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে:
সোনি পিকচার্স যখন রণবীর সিংকে নিয়ে বিশাল বাজেটের ট্রিলজি তৈরির পরিকল্পনা করছে, তখন মুকেশ খান্নার এই ‘ভেটো’ ছবির ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সুরেন্দ্র পাল মনে করেন, মুকেশজি তাঁর এই অমর সৃষ্টিকে নিজের সন্তানের মতো ভালোবাসেন বলেই এতটা আবেগপ্রবণ। কিন্তু এই অনড় মনোভাব শেষ পর্যন্ত ছবির ক্ষতি করতে পারে।
এখন প্রশ্ন উঠছে, চিরশত্রু কিলভিশের অনুরোধে কি মন গলবে শক্তিমানের? রণবীর সিং কি পারবেন গঙ্গাধর থেকে শক্তিমান হয়ে ওঠার সেই জাদুকরী সফর বড় পর্দায় ফুটিয়ে তুলতে? নাকি মুকেশ খান্নার জেদের কাছে হেরে গিয়ে বাতিলের খাতায় চলে যাবে এই মেগা প্রজেক্ট? বলিপাড়ার অলিন্দে এখন কেবল এই একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।





