তিলোত্তমা কাণ্ডে বড় মোড়! খড়দহ থানায় চাঞ্চল্যকর অভিযোগ বাবার, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ‘কাকু’

তিলোত্তমা হত্যা মামলায় চরম চাঞ্চল্য ছড়াল খড়দহ থানা এলাকায়। মেয়ের মৃতদেহ তড়িঘড়ি দাহ করার বিস্ফোরক অভিযোগ তুলে খড়দহ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন খোদ তিলোত্তমার বাবা। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই ওড়িশার সম্বলপুর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে পানিহাটির প্রভাবশালী প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। এর পরেই রাজনৈতিক মহলে পড়ে গিয়েছে শোরগোল। শুধু তাই নয়, ঘটনার তদন্তে নেমে গভীর রাতে গ্রেপ্তার করা হয় তিলোত্তমার প্রতিবেশী তথা এলাকার পরিচিত ‘কাকু’ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও। একের পর এক হেভিওয়েট গ্রেপ্তারের জেরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শুক্রবার সকাল থেকেই বাড়ানো হয়েছে শোকস্তব্ধ তিলোত্তমার বাবা-মায়ের কড়া নিরাপত্তা। অন্যদিকে, খড়দহ থানায় আটক প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে দেখা করতে পৌঁছন তাঁর মেজো বউমা ও মেয়ে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আর কারা জড়িত এবং নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কিনা, তা খতিয়ে দেখতে লাগাতার জেরা চলছে। দ্রুত সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।