এক ধাক্কায় ৫ দিনের লম্বা ছুটি! ক্যালেন্ডারের পাতার এই বড় চমকে এক লাফে চওড়া হবে পড়ুয়াদের হাসি!

সোমক লাহিড়ি: বর্ষার মৌসুমে ছাতা আর রেনকোট পরে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করতে করতে ক্লান্ত হয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সামনেই রয়েছে এক দারুণ খুশির খবর। চলতি বছরে স্বাধীনতা দিবস শনিবার পড়ে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন উইকেন্ডের সাধারণ ছুটিই নষ্ট হয়ে গেল। কিন্তু ক্যালেন্ডারের পাতা ওল্টালেই দেখা যাবে, আগামী অগাস্ট মাসের শেষ সপ্তাহটি পড়ুয়াদের জন্য একপ্রকার ‘পোয়াবারো’ হতে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির তালিকা অনুযায়ী, চলতি মাসের শেষভাগে টানা পাঁচ দিন ছুটির দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

চলতি অগাস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ২৪ তারিখ সোমবার থেকেই শুরু হচ্ছে এই খুশির আবহ। নিয়মমাফিক ২৪ ও ২৫ তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ যথারীতি খোলা থাকবে এবং সেখানে স্বাভাবিক পঠনপাঠন চলবে। তবে আসল চমক অপেক্ষা করছে ২৬ আগস্ট থেকে। আগামী ২৬ আগস্ট বুধবার ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ‘মিলাদ উন-নবি’ উপলক্ষ্যে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির তালিকা বা হলিডে লিস্টেও স্পষ্টভাবে এর উল্লেখ রয়েছে। ফলে সপ্তাহের মাঝেই প্রথম বড় ধাক্কায় ছুটি পেয়ে যাবে পড়ুয়ারা।

এরপর ২৭ আগস্ট বৃহস্পতিবার সাধারণ ক্লাস খোলা থাকলেও, ঠিক তার পরের দিন অর্থাৎ ২৮ আগস্ট শুক্রবার উদযাপিত হবে পবিত্র ‘রাখী বন্ধন’ উৎসব। ভাই-বোনের ভালোবাসার এই বিশেষ উৎসব উপলক্ষ্যে রাজ্যের প্রায় সমস্ত স্কুল ও কলেজেই ছুটি থাকে। ফলে মাঝে মাত্র ২৭ তারিখ বৃহস্পতিবার একদিন যদি কোনো শিক্ষার্থী নিজের উদ্যোগে স্কুল বা কলেজ এড়িয়ে চলে, তবে তারা ২৬ থেকে শুরু করে একেবারে রবিবার পর্যন্ত দীর্ঘ ছুটির আনন্দ উপভোগ করতে পারবে। কারণ ২৮ তারিখ শুক্রবার রাখী বন্ধন এবং তারপরেই সপ্তাহান্তের শনি ও রবিবার ছুটির দিনগুলো যুক্ত হওয়ায় মোট পাঁচ দিনের একটি লম্বা অবকাশ মিলছে।

শিক্ষামহলের মতে, বর্ষার এই নাজেহাল আবহাওয়ায় পড়ুয়াদের মানসিক চাপ কমাতে এই লম্বা ছুটি দারুণভাবে সাহায্য করবে। ইতিমধ্যে অভিভাবকদের মধ্যেও এই ছুটির তালিকা নিয়ে বেশ জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই এখন থেকেই পরিবারের ছোট সদস্যদের নিয়ে ছোটখাটো ভ্রমণের বা ছুটির পরিকল্পনা কষে ফেলছেন। সুতরাং, মাঝের ওই একটা দিন সামান্য অ্যাডজাস্ট করতে পারলেই চলতি মাসের শেষ সপ্তাহে পড়ুয়ারা ঘরে বসেই পেতে চলেছে দীর্ঘ ছুটির লোভনীয় সুযোগ।