বাংলাদেশে বন্যায় মৃত ৫৪, জলবন্দি ১০ লক্ষেরও বেশি মানুষ, জেনেনিন বর্তমান পরিস্থিতি

টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে তৈরি হয়েছে চরম বিপর্যয়। বন্যা ও ভয়াবহ ভূমিধসে ইতিমধ্যেই অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্যে নিশ্চিত করা হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ, যা এই সময়ের অন্যতম বড় মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে।
বিপর্যস্ত জনপদ: সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তালিকায় রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যায় প্রায় ২ লক্ষ ৬৮ হাজার পরিবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামে কোমর সমান জল জমে গিয়েছে, বহু মানুষ নিজের বাড়ির ছাদেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
রোহিঙ্গা শিবিরে বিপর্যয়: সবচেয়ে ভয়াবহ ছবি ধরা পড়েছে কক্সবাজারে। সেখানে ভূমিধসের কবলে পড়ে রোহিঙ্গা শরণার্থী শিবিরে নারী ও শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। পাহাড় কেটে তৈরি ঝুপড়ি বাড়িগুলোর জন্য এই বর্ষা কাল হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎহীনতা, খাবারের অভাব এবং পানীয় জলের সংকটে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্ধকারে শিশুদের নিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছেন বহু মানুষ।
উদ্ধার ও ত্রাণকাজ: পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনী। দুর্গম এলাকায় নৌকার মাধ্যমে খাবার, পানীয় জল ও ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে অধিকাংশ রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় ত্রাণ পৌঁছানো এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ইকবাল হোসেন জানিয়েছেন, উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। বন্যাদুর্গতদের নিকটস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে আবহাওয়া ও ভৌগোলিক পরিস্থিতির কারণে উদ্ধারকারী দলগুলোর সামনে এখনো প্রচুর প্রতিকূলতা রয়েছে।