ই২০ পেট্রোলের জ্বালায় অতিষ্ঠ দেশবাসী! অরবিন্দ কেজরিওয়ালের নতুন ‘অনলাইন যুদ্ধের’ ডাক

ই২০ পেট্রোল নিয়ে দেশজুড়ে বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘স্টপ ই২০ পেট্রোল’ নামে একটি অনলাইন স্বাক্ষর অভিযান শুরু করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। StopE20petrol.com ওয়েবসাইটের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
কেজরিওয়ালের অভিযোগ, যথাযথ প্রস্তুতি ছাড়াই সরকার ই২০ পেট্রোল চাপিয়ে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের গাড়ির মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি ফুয়েল পাম্প, ইনজেক্টর এবং ইঞ্জিনের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গাড়ি মালিকদের। এতে মেরামতি খরচও সাধারণ মধ্যবিত্তের বাজেটের বাইরে চলে যাচ্ছে।
কেজরিওয়ালের মতে, গণতন্ত্রে জনগণের মতামত শোনা জরুরি। সরকারের উচিত পেট্রোল পাম্পগুলোতে বিশুদ্ধ পেট্রোল, ই১০ এবং ই২০—এই তিনটি বিকল্প রাখা, যাতে গ্রাহক নিজের প্রয়োজনমতো জ্বালানি বেছে নিতে পারেন। তিনি আরও বলেন, ই২০ জ্বালানির কার্যকারিতা কম হওয়া সত্ত্বেও এর দাম সাধারণ পেট্রোলের সমান। এর ফলে সাধারণ মানুষ ডবল মার খাচ্ছেন—গাড়ির খরচ বাড়ছে, অথচ মাইলেজ কমে যাওয়ায় জ্বালানি খরচও পাল্লা দিয়ে বাড়ছে।
সরকার জনগণের এই উদ্বেগকে উপেক্ষা করে সবকিছু স্বাভাবিক বলে চালিয়ে দিতে চাইছে বলে দাবি করেন তিনি। কেজরিওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যদি ই২০ চালু করতেই হয়, তবে জ্বালানিটির দাম সাধারণ পেট্রোলের তুলনায় কম করতে হবে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দেশব্যাপী স্বাক্ষর অভিযান শুরু হয়েছে। কেজরিওয়াল দেশবাসীকে StopE20petrol.com-এ গিয়ে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।