প্রেমে প্রতারণা! মহিলা সাব-ইন্সপেক্টরের প্রেমে মত্ত ট্রাফিক সার্জেন্ট, স্ত্রী-কে মারধর ও গর্ভপাতের হুমকি

পাটনার ট্রাফিক সার্জেন্ট মেজর (ইন্সপেক্টর) অবিনাশ রাজ রঞ্জনের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও যৌতুক প্রথার চরম নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী নীতু কুমারী। নীতুর দাবি, ২০২২ সালে বিয়ের পর থেকেই তাঁর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, স্বামীর সাথে বর্তমানে বিহার পুলিশেরই এক মহিলা সাব-ইন্সপেক্টরের অবৈধ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে বৈধতা দিতেই নীতুকে সরিয়ে দেওয়ার ছক কষেছেন অবিনাশ।
নীতুর অভিযোগ, গর্ভকালীন সময়ে অবিনাশের দেওয়া মানসিক চাপে তাঁর গর্ভপাত হয়ে যায়। বর্তমানে ডিভোর্স না দিলে যৌতুক হিসেবে ২০ লাখ টাকা দাবি করছেন ওই পুলিশ কর্তা। এমনকি, তাঁর দেবর বিকাশ রঞ্জনের বিরুদ্ধে নীতুর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকির অভিযোগও উঠেছে। গত শনিবার বিষয়টি মিটিয়ে ফেলার নাম করে সরকারি আবাসনে ডেকে নীতুকে মারধর করেন অভিযুক্ত স্বামী। প্রাণ বাঁচাতে কোনোরকমে পালিয়ে সচিবালয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। নীতুর অভিযোগ, পুলিশি ক্ষমতার দাপট দেখিয়ে স্বামী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে পাটনা সচিবালয় এসডিপিও-১ অনু কুমারীর নেতৃত্বে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট মেজরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি।