এক ইমেলেই চাকরি গায়েব ৮০০০ কর্মীর! মেটার ‘ওয়ার্ক ফ্রম হোম’ নির্দেশের আড়ালে লুকিয়ে ছিল কোন ভয়ঙ্কর ছক?

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ফের এক গণছাঁটাইয়ের রক্তবন্যা। এক লপ্তে প্রায় ৮,০০০ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল টেক জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস, যা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। তবে এই ছাঁটাইয়ের প্রক্রিয়াটি যেভাবে সম্পন্ন করা হল, তা দেখে হতবাক কর্পোরেট বিশ্ব। কোনও টাউনহল মিটিং নয়, কোনও মুখোমুখি আলোচনা নয়; স্রেফ একটি সাধারণ ইমেলের মাধ্যমেই হাজার হাজার কর্মীর রুটিরুজি কেড়ে নেওয়া হল।

ঘটনার সূত্রপাত একটি আকস্মিক নির্দেশিকা দিয়ে। আমেরিকা, ব্রিটেন সহ বিভিন্ন দেশের কর্মীদের হঠাৎ নির্দেশ দেওয়া হয়—’আজ বাড়ি থেকে কাজ (WFH)’। অফিসের ভেতরে যাতে কোনও অশান্তি, বিক্ষোভ বা হাঙ্গামা তৈরি না হতে পারে, তার জন্যই এই নিখুঁত ছক কষেছিল জুকারবার্গের সংস্থা। এর ঠিক পরেই আসতে শুরু করে সেই বহুলাকাঙ্ক্ষিত ছাঁটাইয়ের মেল। সিঙ্গাপুরের মেটা কর্মীরা স্থানীয় সময় ভোর ৪টেয় প্রথম এই মারণ ইমেলটি পান। টাইম জোন অনুযায়ী বিশ্বজুড়ে ধাপে ধাপে এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে।

মেটার চিফ পিপল অফিসার জ্যানেল গেইল একটি অভ্যন্তরীণ মেমোতে জানিয়েছেন, প্রায় ৭,০০০ কর্মীকে নতুন এআই (AI) ভিত্তিক দলে পুনর্বিন্যাস করা হচ্ছে এবং প্রায় ৬,০০০ শূন্যপদ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট টিমগুলো এই ছাঁটাইয়ের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেটা প্রধান মার্ক জাকারবার্গ এআই প্রযুক্তিকে কোম্পানির প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছেন এবং এই খাতে চলতি বছরে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করা হয়েছে। রোবটের দাপটে রক্তমাংসের কর্মীদের এই আকস্মিক বিদায়ের জেরে মেটার অন্দরমহলে কর্মচারীদের মনোবল এখন তলানিতে ঠেকেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy