মালদহ ডিভিশনের রেল যাত্রীদের জন্য এল বহু প্রতীক্ষিত সুখবর। দীর্ঘ বিরতির পর অবশেষে আগামী ১০ এপ্রিল থেকে ধাপে ধাপে শুরু হতে চলেছে মেমু (MEMU) ট্রেন পরিষেবা। প্রতিদিনের অফিসযাত্রী, পড়ুয়া এবং ব্যবসায়ীদের যাতায়াতের কষ্ট লাঘব করতেই পূর্ব রেল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রেল সূত্রে খবর, প্রথম পর্যায়ে মোট ছয়টি মেমু ট্রেন বিভিন্ন রুটে চালানো হবে।
আগামী ১০ এপ্রিল থেকে সাহিবগঞ্জ-রামপুরহাট রুটে ৬৩৪০৬ মেমু ট্রেনটি প্রতিদিন বিকেল ৫টায় সাহিবগঞ্জ থেকে ছেড়ে রাত ৮:৫৫ মিনিটে রামপুরহাট পৌঁছাবে। উল্টোদিকে ১১ এপ্রিল থেকে ৬৩৪০৫ ট্রেনটি রামপুরহাট থেকে ভোর ৬:১০ মিনিটে ছেড়ে সকাল ৯:২৫ মিনিটে সাহিবগঞ্জে পৌঁছাবে। এ ছাড়াও সাহিবগঞ্জ-জামালপুর এবং জামালপুর-কিউল রুটেও প্রতিদিন মেমু ট্রেন যাতায়াত করবে। সাহিবগঞ্জ-জামালপুর রুটের ট্রেনটি প্রতিদিন সকাল ৭:২০ মিনিটে ছেড়ে বেলা ১১:৫০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে এবং ফেরার পথে বিকেল ৪:০৭ মিনিটে রওনা দেবে। জামালপুর-কিউল রুটের ট্রেনটি দুপুর ১২:২৫ মিনিটে ছেড়ে ১:৫০ মিনিটে কিউলে পৌঁছাবে।
মালদহ ডিভিশনের ডিআরএম মণীশ কুমার গুপ্তা জানিয়েছেন, এই পরিষেবা চালু হওয়ার ফলে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। দ্রুত এবং সাশ্রয়ী এই যাতায়াত ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট এলাকার অর্থনীতিও গতি পাবে বলে আশা করা হচ্ছে।





