বাংলার বিধানসভা নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে পারদ চড়ছে রাজনীতির ময়দানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি কি এবার দখল করতে পারবে বিজেপি? এই প্রশ্নেই এখন সরগরম রাজ্য রাজনীতি। লোকসভা নির্বাচনের পরিসংখ্যান এবং বর্তমানের ‘আসন রদবদলের’ সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, লড়াই এবার চরম উত্তেজনার দিকে এগোচ্ছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হতে চলেছে বাংলায়। গেরুয়া শিবির সূত্রের খবর, তৃণমূল সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত জনরোষ এবং দুর্নীতিকে হাতিয়ার করে তারা এবার জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী।
পরিসংখ্যান বলছে, উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিজেপির আধিপত্য তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে রাজ্যের অন্তত ৪০টি ‘সুইং সিট’ বা দোদুল্যমান আসনগুলোর ওপর জোর দিচ্ছে বিজেপি। যেখানে জয়ের ব্যবধান খুবই সামান্য ছিল, সেখানে নতুন মুখ এনে চমক দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে শুরু করে জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সামনে রেখে মমতার পাল্টা রণকৌশল হলো ‘উন্নয়নের দুয়ারে পৌঁছানো’। ১১৪টি আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ১০ শতাংশের বেশি হলেও, বাকি আসনগুলোতে বিজেপির ‘ঘাড়ের কাছে নিঃশ্বাস’ ফেলার পরিস্থিতি শাসক দলকে যথেষ্ট চাপে রেখেছে। ৪ মে ভোটের ফল ঘোষণার পরই স্পষ্ট হবে, নবান্নের চাবি কার হাতে থাকবে।





