‘বাবরি মসজিদ’-এর জন্য অনুদানের বন্যা, দানপাত্র ও অ্যাকাউন্টে জমা পড়ল প্রায় ৪ কোটি টাকা, বিদেশ থেকেও আসছে অনুদানের প্রস্তাব

মুর্শিদাবাদে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের বন্যা অব্যাহত। নগদ দানের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও জমা পড়ছে বিশাল অঙ্কের টাকা। হুমায়ুন কবীর নিজেই জানিয়েছেন, এই মসজিদের জন্য দানপাত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকার বেশি অনুদান জমা পড়েছে।
তিনি জানান, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাতে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩ কোটি টাকারও বেশি জমা পড়েছে। এই টাকা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ QR কোড স্ক্যান করে দান করেছেন। অন্যদিকে, গত ৬ ও ৭ তারিখে নগদ ৬৫ লক্ষ ৬৭ হাজার টাকা জমা পড়েছিল। ৭ তারিখের পরেও দানপাত্রে আরও টাকা জমা পড়ছে, যার গণনা এখনও শুরু হয়নি। কাল-পরশুর মধ্যে সেই টাকা গোনা শুরু হবে।
বিদেশ থেকেও অনুদানের জন্য যোগাযোগ:
এই অনুদানের বহর দেখে হুমায়ুন কবীর দাবি করেছেন যে বিদেশ থেকেও বহু মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। তিনি বলেন, “বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্যাঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক করা হচ্ছে। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে, এটা করতে যতটা টাকা লাগুক, আমরা দেব, আপনি করুন।” তিনি জানান, ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি দিয়ে বাইরের দেশ থেকে টাকা নেওয়ার প্রয়োজনীয় পদ্ধতিগুলি ঠিক করতে বলা হয়েছে।
বিজেপি সভাপতির কটাক্ষ:
তবে এই অনুদান সংগ্রহ নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি এটিকে তৃণমূলের ‘PLAN B’ বলে অভিহিত করেছেন। শমীক ভট্টাচার্য বলেন, “এটা তৃণমূলের টাকা। হুমায়ুন কবীরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের ওটা ‘PLAN B’, যে ভোট লুঠ করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে। তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন? হুমায়ুনের এই সাহস আছে যে, রাজ্যের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে, তাঁর রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাঁর অনুমোদন ছাড়া হুমায়ুন কবীর সেখানে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে।”