উত্তরাখণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা খাদে পড়ল সরকারি শিক্ষকদের গাড়ি, নিহত ৩, আহত ১

উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমোরা জেলার সরকারি স্কুলের তিন শিক্ষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন শিক্ষক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হাল্দওয়ানি যাচ্ছিলেন। শনিবার রাতে নৈনিতাল জেলার গরমপানি এলাকায় খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে তাঁদের যাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।
নৈনিতালের পুলিশ সুপার (ক্রাইম) জগদীশ চন্দ্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। এসডিআরএফ কর্মীরা চারজনকেই খাদ থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা সঞ্জয় বিষ্ঠ, সুরেন্দ্র ভান্ডারি এবং পুষ্কর ভাইসোরা—এই তিনজনকে মৃত ঘোষণা করেন। মনোজ কুমার নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।