সন্দেশখালিতে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ, শ্বশুরের নাম ‘বাবা’ দেখিয়ে SIR-এর ফর্ম পূরণ বাংলাদেশি যুবকের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলার মধ্যেই ফের বড়সড় বেনিয়মের অভিযোগ উঠল সন্দেশখালিতে। এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে সেই কার্ড দেখিয়েই এসআইআর-এর ফর্ম ফিলাপ করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সন্দেশখালি ২ নম্বর ব্লকের বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের ১৪৭ নম্বর বুথে। অভিযোগ অনুযায়ী, ওই যুবক তাঁর শ্বশুরের নাম বাবার জায়গায় ব্যবহার করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করেছেন। সেই কার্ড দেখিয়েই তিনি SIR প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করার চেষ্টা করছিলেন।

এই অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশ ওই যুবকের আসল পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার দাবি জানিয়েছেন।

শ্বশুরের দাবি: ‘জামাই নয়, পাতানো ছেলে’

যদিও এই অভিযোগের সম্পূর্ণ উল্টো দাবি করেছেন ওই যুবকের শ্বশুর। তিনি জানিয়েছেন, ওই যুবক আসলে তাঁর জামাই নন, বরং তাঁর ‘পাতানো ছেলে’। তবে ভুয়ো ভোটার কার্ড এবং এসআইআর-এর ফর্ম পূরণের চেষ্টার অভিযোগ নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানউতোর তুঙ্গে উঠেছে।

বিরোধীরা অভিযোগ তুলেছে যে রাজ্যে ভুয়ো ভোটার তৈরির চেষ্টা চলছে এবং এর সঙ্গে শাসক দলের যোগ রয়েছে। অন্যদিকে, শাসক দল এই অভিযোগ উড়িয়ে দিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে এলাকার রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে।