আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন!

দেশজুড়ে চলছে ভোটার তালিকায় নাম সংযোজন ও বাদ দেওয়ার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা এসআইআর (Special Summary Revision)। পশ্চিমবঙ্গ সহ ৯টি রাজ্যে বর্তমানে এই কাজ চলছে, যার পরেই বাকি রাজ্যগুলিতেও প্রক্রিয়াটি শুরু হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন আধার কার্ডের ব্যবহার নিয়ে নাগরিকদের মধ্যে প্রশ্ন তৈরি হওয়ায় এবার নির্বাচন কমিশন (Election Commission) এই বিষয়ে বড় আপডেট দিল।

৯টি রাজ্যে ৫১ কোটি ভোটারের নিবিড় পরিমার্জনের দ্বিতীয় দফা চলছে। এর মাঝেই নির্বাচন কমিশনের তরফে ফের একবার স্পষ্ট করে জানানো হলো যে, আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসাবেই গণ্য করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়।

নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, “নির্বাচনী তালিকায় সংযোজন বা বাদ যাওয়ার প্রমাণ নয় আধার কার্ড। এটি শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়।” কমিশনের দাবি, জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) ধারায় এটি কেবল পরিচয় প্রমাণ করতে ব্যবহার হবে। হলফনামায় আরও বলা হয়েছে যে, রেজিস্ট্রেশন অব ইলেকশন রুলের অধীনে ফর্ম-৬ এ জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধারের ব্যবহার ২০২৩ সালের ২২ অগস্ট ইউআইডিএআই (UIDAI)-এর নির্দেশিকার সম্পূর্ণ বিপরীত।

হলফনামায় সুপ্রিম কোর্টের গত ৯ সেপ্টেম্বরের নির্দেশও উল্লেখ করা হয়েছে, যেখানে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার নিয়ে বলা হয়েছিল। সুপ্রিম কোর্টও স্পষ্টভাবে জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণে ব্যবহার করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়।

গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল— পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাট, ছত্তীসগঢ়, উত্তর প্রদেশ, গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি এবং লাক্ষাদ্বীপে এসআইআর প্রক্রিয়া শুরু করার ঘোষণা করে।

এসআইআরের প্রথম পর্বে বুথ লেভেল অফিসার বা বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও পূরণের পর তা সংগ্রহ করবেন। প্রতিটি বাড়িতে অন্তত তিনবার যাবেন বিএলও-রা। এরপরে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। খসড়া তালিকার পর নির্দিষ্ট সময় থাকবে নাম সংযোজন বা বাদ দেওয়ার জন্য আবেদন জানানোর। শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। নির্বাচন কমিশনের সতর্কতা, যদি কারোর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে তিনি ভোটাধিকার হারাবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy