ঢাকায় থমথমে পরিস্থিতি! ‘লকডাউন’ কর্মসূচির জেরে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা, মোতায়েন সেনাবাহিনী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (International Crimes Tribunal-1) কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার দিনটিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ঢাকাকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। এই রায় ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করায় রাজধানীতে চরম সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালটি জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করবে। দিনভর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ১৭ হাজার সদস্যকে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয়েছে। এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যরাও মোতায়েন রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটার পর থেকেই সেনাবাহিনীও শহরে টহল দেওয়া শুরু করেছে। হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে বিজিবি, ডিএমপি এবং এপিবিএন সদস্যদের কড়া নজরদারি চলছে। সেই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার প্রবেশপথগুলোতে কঠোর চেকপোস্ট বসানো হয়েছে। গণপরিবহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এদিকে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের চেকপোস্ট বসিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।