পোষ্যের নাম রাখলেন ‘শর্মাজি’, প্রতিবেশীর পদবি নিয়ে মারামারি, থানায় ডায়েরী! কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী

একই পাড়ায় বসবাস, কিন্তু চরম মুখ দেখাদেখি নেই। দুই প্রতিবেশীর এই দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার নতুন মাত্রা পেল। এক প্রতিবেশী তার পোষা কুকুরের নাম রেখেছেন অন্য প্রতিবেশীর পদবির নামে, আর তাতেই শুরু হয়েছে চরম অশান্তি। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের শিব সিটিতে। ঝগড়া, হাতাহাতি থেকে গালিগালাজ, সবকিছুর পর শেষমেশ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, ভূপেন্দ্র সিংহ এবং বীরেন্দ্র শর্মা নামের দুই প্রতিবেশী দীর্ঘদিন ধরেই একে অপরকে এড়িয়ে চলতেন। সম্প্রতি ভূপেন্দ্র একটি কুকুর বাড়িতে আনেন এবং তার নাম রাখেন ‘শর্মাজি’। এই বিষয়টি জানতে পেরে বীরেন্দ্রর স্ত্রী কিরণ অত্যন্ত ক্ষুব্ধ হন। তার ধারণা, ভূপেন্দ্র তাদের বিদ্রুপ করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নামটি রেখেছেন। কিরণ আরও অভিযোগ করেন, ভূপেন্দ্র তার বন্ধুদের সামনে এমন কিছু কথা বলেছেন, যা আসলে বীরেন্দ্রকে উদ্দেশ্য করে বলা টিপ্পনি।
এরপর কিরণ সরাসরি ভূপেন্দ্রর কাছে জবাবদিহি চান। এই নিয়ে তাদের মধ্যে তুমুল বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়। কিরণের দাবি, ভূপেন্দ্র তার দুই বন্ধুকে নিয়ে তাদের ওপর হামলা করেন। বীরেন্দ্রর বক্তব্য অনুযায়ী, “ইচ্ছাকৃতভাবে কুকুরের এমন নাম রেখেছে। বন্ধুদের সামনে কটূক্তিও করছিল ও। কিরণ আপত্তি জানালে ওরা চড়াও হয়, গালিগালাজ করে, মারধর করে।”
কিরণ জানান, মারধরের সময় তার মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হয় এবং গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। পরিবারের লোকজন দ্রুত ছুটে না এলে হয়তো আরও বড় বিপদ হতে পারত।
ঘটনার পর বীরেন্দ্র শর্মা এবং তার স্ত্রী কিরণ রাজেন্দ্রনগর থানায় ভূপেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভূপেন্দ্র এবং তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সার্কল অফিসার একে চতুর্বেদী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।