মিজোরামে নতুন রেলপথের উদ্বোধন করলেন মোদী, ভার্চুয়ালি যুক্ত হয়ে দিলেন উন্নয়নের বার্তা

শনিবার এক ঐতিহাসিক মুহূর্তে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামের রেল নেটওয়ার্কে সংযুক্ত হলো। রাজ্যের রাজধানী আইজলের সাইরাংয়ে নতুন রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে খারাপ আবহাওয়ার কারণে তিনি স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। আইজলের লেঙ্গপুই বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে রেলপথের উদ্বোধন করেন তিনি।

কয়েক বছর আগে এই রেলপথের শিলান্যাসও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “দেশের দুর্ভাগ্য যে বহু রাজনৈতিক দল উন্নয়নের নামে কেবল রাজনীতি করেছে। তাই স্বাধীনতার এত বছর পর মিজোরামে রেল পৌঁছাল।” তিনি আরও বলেন, প্রথম থেকেই তিনি উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে সচেষ্ট ছিলেন।

মিজোরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সড়কপথে মণিপুরের দিকে রওনা হন। সেখানে চুরাচাঁদপুর এবং ইম্ফলে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এই দুটি স্থানে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। মণিপুরে জাতিদাঙ্গা শুরুর প্রায় ২৮ মাস পর প্রধানমন্ত্রী এই প্রথমবার রাজ্যটিতে যাচ্ছেন। মণিপুর থেকে তিনি বিকালে গুয়াহাটি যাবেন, সেখানে ভারতরত্ন ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মিজো জাতির প্রশংসা করে বলেন, স্বাধীনতার সংগ্রামে এবং পরবর্তীতে দেশ গঠনে এ রাজ্যের মানুষ বিশেষ ভূমিকা পালন করেছেন।