বরফের ওপর পেটে ভর দিয়ে স্লাইড করছে মেরুভালুক, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটপাড়া

সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে একটি পুরোনো ভিডিও, যা দেখে সবাই মুগ্ধ হয়ে মেরুভালুকের বুদ্ধিমত্তার প্রশংসা করছে। সাধারণত বরফের ওপর চার পায়ে হেঁটে চলা এই প্রাণীটি এই ভিডিওতে এক ভিন্ন কৌশল অবলম্বন করেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মেরুভালুকটি সোজাসুজি হেঁটে না গিয়ে পেটের ওপর শুয়ে সামনের পা ব্যবহার করে ধীরে ধীরে বরফের ওপর দিয়ে স্লাইড করছে। তার এই অদ্ভুত আচরণ দেখে অনেকেই বলছেন যে, সম্ভবত সে বুঝতে পেরেছে বরফ খুবই পাতলা এবং তার ওজনে ভেঙে যেতে পারে। তাই নিজেকে বাঁচানোর জন্য সে এই বুদ্ধিদীপ্ত কৌশল বেছে নিয়েছে।

ভিডিওটি ‘এক্স’-এর জনপ্রিয় অ্যাকাউন্ট ‘Nature is Amazing’ আবারও শেয়ার করেছে, যা ইতিমধ্যেই ১৩ লাখের বেশি ভিউ পেয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “পাতলা বরফ ভেঙে যাওয়া এড়াতে মেরুভালুক স্লাইড করছে। প্রমাণ যে প্রাণীরা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান!”

এই ভিডিওটি দেখে একদিকে যেমন প্রাণীটির অসাধারণ বুদ্ধিমত্তার প্রশংসা করছেন নেটিজেনরা, তেমনই অনেকে জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ভিডিওটি চমৎকার হলেও একই সঙ্গে মনে করিয়ে দেয়, মেরুভালুকেরা এখন কতটা কঠিন সময় পার করছে, কারণ বরফ দ্রুত গলছে।” আরেকজন লিখেছেন, “এটি একই সঙ্গে মিষ্টি এবং দুঃখজনক। এত বুদ্ধিমান প্রাণীকে বেঁচে থাকার জন্য নতুন নতুন কৌশল শিখতে হচ্ছে।”

তবে ভিডিওটি ঘিরে হাস্যরসও ছড়িয়েছে। কেউ রসিকতা করে বলেছেন, “মানুষের আগে বরফে স্কেটিং আবিষ্কার করেছে মেরুভালুক।” আরেকজন লিখেছেন, “ওটা মেরুভালুক নয়, ওটা আমি—রান্নাঘরে পা পিছলে পড়ার পরের দৃশ্য।”