রেশন নিয়ে কঠোর কেন্দ্র! আয়করদাতাদের কার্ড বাতিলের নির্দেশ, আপনার কার্ডের কী হবে?

রেশন কার্ড এবার আর শুধুমাত্র পরিচয়পত্র নয়, এটি খাদ্যসুরক্ষার অধিকার নিশ্চিত করার একটি প্রমাণপত্র। সম্প্রতি কেন্দ্র সরকার রেশন কার্ড নিয়ে এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যারা আয়কর দেন, তারা আর রেশন সুবিধা পাবেন না।
কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন দপ্তর আয়কর দপ্তর এবং CBDT-র তথ্য যাচাই করে সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ডকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। রাজ্য সরকারগুলিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কার্ডগুলি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, এই কার্ডধারীদের মধ্যে ৯৪ লক্ষ ৭১ হাজার মানুষ নিয়মিত আয়কর দেন। এছাড়াও, প্রায় ৫ লক্ষ ৩১ হাজার কার্ডধারী কোনো না কোনো সংস্থার মালিক এবং ১৭ লক্ষ ৫১ হাজার কার্ডধারীর নামে গাড়ি রয়েছে। এত কিছুর পরেও তারা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে অথবা ভর্তুকিতে রেশন নিচ্ছেন। সেই কারণেই সরকার এই কার্ডগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, অবৈধভাবে রেশন সুবিধা গ্রহণকারীদের চিহ্নিত করে তাদের কার্ড বাতিল করা এবং প্রকৃত দরিদ্র ও অভাবী মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, রেশন সবার জন্য নয়, কেবল প্রকৃত সুবিধাভোগীরাই এর সুবিধা পাবেন। তাই যত অবৈধ রেশন কার্ড রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত বাতিল করার কাজ চলছে।