গর্ভাবস্থায় চুল পড়া নিয়ে চিন্তিত? কি করবেন দেখুন

মাতৃত্ব প্রতিটি নারীর জীবনে এক নতুন অধ্যায়। গর্ভধারণের পর শরীরে আসে নানা পরিবর্তন, আর এর প্রভাব পড়ে চুলে। অনেক গর্ভবতী মহিলাই এই সময় চুল দুর্বল হয়ে যাওয়া এবং অস্বাভাবিক হারে ঝরে পড়ার সমস্যায় ভোগেন। সঠিক সময়ে চুলের যত্ন না নিলে এই সমস্যা আরও বাড়তে পারে। তাই গর্ভাবস্থায় চুলের স্বাস্থ্য বজায় রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। আসুন, জেনে নেওয়া যাক সেই উপায়গুলো:

১) ঘন ঘন চুল ধোয়া এড়িয়ে চলুন: গর্ভধারণের আগে যদি প্রতিদিন চুল ধোয়ার অভ্যাস থাকে, তবে এই সময় তা পরিবর্তন করুন। গর্ভাবস্থায় চুলের গোড়া দুর্বল হয়ে যায়। সপ্তাহে তিনবার সালফেট মুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে আলতোভাবে চুল ধুয়ে নিন।

২) আলগা করে চুল বাঁধুন: এই সময় চুলের গোড়া খুবই স্পর্শকাতর থাকে। তাই শক্ত করে চুল বাঁধা বা টেনে খোঁপা করার মতো কাজ এড়িয়ে চলুন। খেয়াল রাখবেন চুলে যেন কোনোভাবেই বেশি চাপ না পড়ে।

৩) ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন: ভিটামিন সি, ডি এবং জিঙ্ক চুল পড়া কমাতে সহায়ক। এছাড়াও ভিটামিন ই এবং বায়োটিন সমৃদ্ধ খাবার যেমন ফল, সবজি, ডিম, বাদাম ইত্যাদি আপনার খাদ্যতালিকায় যোগ করুন।

৪) পার্লারের রাসায়নিক ট্রিটমেন্ট থেকে দূরে থাকুন: গর্ভাবস্থায় চুলে কালার, কার্লিং বা স্ট্রেইটনিং-এর মতো রাসায়নিক ট্রিটমেন্ট না করানোই ভালো। একান্তই প্রয়োজন হলে কোনো হারবাল ট্রিটমেন্টের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

৫) প্রাকৃতিক হেয়ার মাস্ক ব্যবহার করুন: ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে বাড়িতেই তৈরি করতে পারেন পুষ্টিকর হেয়ার মাস্ক। সারা রাত মেথি ভিজিয়ে রেখে সেই জল দিয়ে চুল ধোয়াও উপকারী। এছাড়া আপনার পছন্দের হালকা তেল দিয়ে সপ্তাহে একবার আলতোভাবে মাথার তালুতে মাসাজ করতে পারেন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের বৃদ্ধি ভালো হয়।

৬) দুশ্চিন্তা পরিহার করুন: গর্ভাবস্থায় যেকোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চুলের স্বাস্থ্য ভালো রাখতে নিজেকে হাসি-খুশি এবং চাপমুক্ত রাখার চেষ্টা করুন। মানসিক চাপ চুল পড়ার অন্যতম কারণ হতে পারে।

গর্ভাবস্থা একটি বিশেষ সময়, তাই নিজের শরীরের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। সঠিক খাদ্যাভ্যাস এবং চুলের সঠিক পরিচর্যা করলে এই সময় চুল পড়ার সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।