ময়দানে ফিরছেন ব্যারেটো! তবে মোহনবাগান নয়, এবার কোন দলের ডাগআউটে ‘সবুজ তোতা’?

কলকাতা ফুটবল ময়দানে শুরু হতে চলেছে এক রূপকথা। মাঠ কাঁপানো সেই চিরপরিচিত স্লোগান, “শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারেটোই ভরসা” এবার শোনা যাবে এক ভিন্ন ভূমিকায়। মোহনবাগানের ইতিহাসের অন্যতম সেরা বিদেশি ফুটবলার ও সমর্থকদের নয়নের মণি হোসে রামিরেজ ব্যারেটো এবার ডাগআউটে। আসন্ন কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগকে সামনে রেখে ব্রাজিলের এই কিংবদন্তি তারকাকে প্রধান কোচ (Head Coach) হিসেবে বড় চমক দিল ঐতিহ্যবাহী ক্লাব তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, ব্যারেটোর সঙ্গে ইতিমধ্যেই এক বছরের চুক্তি সম্পন্ন করেছে জর্জ টেলিগ্রাফ কর্তৃপক্ষ। তবে এই লড়াইয়ে ব্যারেটো একা নন, তাঁর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহনবাগানেরই আরেক প্রাক্তন তারকা ফুটবলার সুমন দত্ত। এর আগে বেঙ্গল সুপার লিগেও এই গুরু-শিষ্য জুটি দারুণ সাফল্য পেয়েছিল। শতবর্ষ প্রাচীন ক্লাবের এই হাইপ্রোফাইল দ্বায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্যারেটো জানান, “জর্জ টেলিগ্রাফের মতো ট্র্যাডিশনাল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ফুটবলার জীবনে কলকাতার মাঠ আমাকে উজাড় করে ভালোবাসা দিয়েছে, এবার কোচ হিসেবে নিজের সেরাটা দিয়ে সেই ঋণ শোধ করতে চাই।”

এই মহানিয়োগ প্রসঙ্গে আইএফএ (IFA) সচিব তথা ক্লাবের যুগ্মসচিব অনির্বাণ দত্ত ও এক্সিকিউটিভ সচিব অনিন্দ্য দত্ত আত্মবিশ্বাসের সুরে জানান, ব্যারেটোর সমৃদ্ধ ফুটবল দর্শন ও দীর্ঘ অভিজ্ঞতা নতুন প্রজন্মকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আসন্ন কলকাতা লিগে বড়সড় ধামাকা করাই এখন দলের প্রধান লক্ষ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy