বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সিলেটের মাঠে এক চরম রোমহর্ষক ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হলো। আজ শনিবার (১৬ মে) ম্যাচের প্রথম দিনের খেলা শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি ফাস্ট বোলার হাসান আলী এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। যার ফলে যন্ত্রণায় কাতর এই তারকা ক্রিকেটারকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়।
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম ওভারেই মহম্মদ আব্বাস বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে আউট করে দুর্দান্ত সূচনা করলেও অষ্টম ওভারে ঘটে বিপর্যয়। খুররাম শাহজাদের জায়গায় প্রথম বোলিং পরিবর্তনে আসেন হাসান আলী। ওভারের পঞ্চম বলে বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান একটি শট সরাসরি বোলারের দিকে খেলেন। ফলো-থ্রুতে সেই ফিরতি ক্যাচটি লুফে নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিচের ওপর মুখ থুবড়ে পড়ে যান হাসান। বল তো হাতছাড়া হয়ই, উল্টে পিচের শক্ত মাটিতে তাঁর মাথা সজোরে আঘাত পায়।
মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকা হাসানের দিকে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পাক দলের ফিজিও। প্রাথমিক পরীক্ষার পর হাসান উঠে দাঁড়ালেও তাঁকে সম্পূর্ণ হতবিহ্বল দেখাচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্ট্রেচার আনিয়ে তাঁকে স্টেডিয়ামের মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। তাঁর ওভারের বাকি থাকা শেষ বলটি করেন সালমান আলী আগা। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর, প্রাথমিক চিকিৎসা ও কিছুটা বিশ্রামের পর হাসান আলী সুস্থ হয়ে পুনরায় মাঠে ফেরেন এবং বোলিং শুরু করেন।





