বিতর্ক যেন রিয়ান পরাগের ছায়ার সঙ্গী। অতীতে সার্চ হিস্ট্রি ফাঁস হওয়া থেকে শুরু করে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পাওয়া— বারবার সমালোচনার তির ধেয়ে এসেছে তাঁর দিকে। চলতি আইপিএলে (IPL 2026) তাঁর দল ৯টির মধ্যে ৬টি ম্যাচ জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকলেও, রিয়ানের একটি গোপন ভিডিও সেই সাফল্যকে ফিকে করে দিয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের দিনেই বড়সড় বিতর্কে জড়ালেন রয়্যালস অধিনায়ক।
পাঞ্জাব কিংসের ২২৩ রান তাড়া করতে নেমে রিয়ান ১৬ বলে ২৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তবে তাঁর ব্যাটিং নিয়ে নয়, বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাজস্থানের ব্যাটিং চলাকালীন ডাগ-আউটে সতীর্থ যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুড়েলের সামনেই বসে আয়েশ করে ‘ভেপ’ (ইলেকট্রনিক সিগারেট) টানছেন রিয়ান। আইপিএলের নিয়ম অনুযায়ী ড্রেসিংরুম বা ডাগ-আউটে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু রিয়ানের ক্ষেত্রে বিষয়টি শুধু নিয়মের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি এখন আইনি জটিলতার রূপ নিয়েছে।
২০১৯ সালে ভারতে PECA আইন অনুযায়ী ইলেকট্রনিক সিগারেট বা ভেপ উৎপাদন ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই আইন ভাঙলে মোটা অঙ্কের জরিমানা এমনকি কারাদণ্ডেরও বিধান রয়েছে। একজন পাবলিক ফিগার এবং অ্যাথলিট হিসেবে সর্বসমক্ষে এমন নিষিদ্ধ দ্রব্য সেবন করায় রিয়ানের নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে উঠছে বড় প্রশ্ন। দেশের আইনকে তোয়াক্কা না করে কীভাবে একজন অধিনায়ক এমন কাজ করলেন, তা দেখে স্তম্ভিত ক্রিকেট বিশেষজ্ঞরা।
What Was Riyan Parag Even Thinking About ?
Under 200 Cameras And Still Vaping pic.twitter.com/An8yH57I0v
— TIRAMISU (@desiculerr) April 28, 2026
ম্যাচ জেতার স্বস্তি ছাপিয়ে এখন রিয়ানের ওপর শাস্তির খাঁড়া ঝুলছে। বিসিসিআই (BCCI) বা আইপিএল কর্তৃপক্ষ এই ভাইরাল ভিডিওর ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার। বিশেষজ্ঞদের মতে, জল গড়ালে আইনি তদন্তের মুখেও পড়তে পারেন এই তরুণ ক্রিকেটার।





