“ভাইয়া বলে ৩৫ রান পেটাল!” আইপিএলে বৈভব-ঝড়ে দিশেহারা অর্শদীপ, ভাইরাল রাজস্থানের গোপন ভিডিও

আইপিএল ২০২৬-এর মঞ্চে এখন কেবল একটিই নাম প্রতিধ্বনিত হচ্ছে—বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই তরুণ ওপেনার বর্তমান সিজনে বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। তাঁর বিধ্বংসী ব্যাটিং স্টাইল প্রতিপক্ষ দলগুলোর জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করার পর থেকেই বৈভবকে নিয়ে চর্চা তুঙ্গে ছিল, কিন্তু পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি যা করলেন, তা এক কথায় অবিশ্বাস্য।

পঞ্জাবের দেওয়া ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী আবারও প্রমাণ করলেন কেন তাঁকে ভবিষ্যতের মহাতারকা বলা হচ্ছে। মাত্র ১৬ বলে ৪৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল আকাশছোঁয়া—২৬৮! তাঁর এই শুরুটাই রাজস্থান রয়্যালসের জয়ের ভিত গড়ে দেয় এবং পঞ্জাবের বোলারদের মানসিকভবে ভেঙে চুরমার করে দেয়।

সবচেয়ে বেশি বিপর্যয় নেমে আসে পঞ্জাব কিংসের তারকা বোলার অর্শদীপ সিংয়ের ওপর। বৈভবের দাপটে অর্শদীপ তাঁর ৪ ওভারের স্পেলে ১৭ ইকোনমি রেটে ৬৮ রান খরচ করেন, যা আইপিএল ইতিহাসে অন্যতম ব্যয়বহুল স্পেল। ম্যাচের পর রাজস্থান রয়্যালসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে রাজস্থানের যশস্বী জয়সওয়াল এবং পঞ্জাবের অর্শদীপ সিং একে অপরের সঙ্গে খোশমেজাজে কথা বলছেন। কিন্তু তাঁদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অন্য কেউ নন, বরং সেই তরুণ সেনসেশন বৈভব।

ভিডিওতে অর্শদীপকে মজার ছলে আক্ষেপ করতে দেখা যায়। তিনি বৈভবকে অত্যন্ত ‘চালাক’ বলে অভিহিত করেন। অর্শদীপ বলেন, মাঠের বাইরে বৈভব সবাইকে খুব শ্রদ্ধা করে ‘দাদা’ বা ‘ভাইয়া’ বলে সম্বোধন করে, কিন্তু ক্রিজে নামার পর সে যেন এক অন্য মানুষ! অর্শদীপ হাসতে হাসতে যশস্বীকে বলেন, “আরে এই বৈভব, ভাইয়া ভাইয়া বলে আমাকে ৩৫ রান মেরে দিল!” মাঠের বাইরের এই সৌজন্য আর মাঠের ভেতরের আগ্রাসন—বৈভবের এই দ্বৈত সত্তাই এখন আইপিএলের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।