“কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই”, আরসিবি-র জয়ের পর দিল্লিতে কেন এমন বিস্ফোরক মন্তব্য বিরাটের?

মাঠে তিনি যখন গর্জন করেন, তখন বিপক্ষ দল থমকে যায়। সেই বিরাট কোহলিই যখন ছোট ছোট স্কুলপড়ুয়াদের সামনে দাঁড়ালেন, তখন দেখা গেল এক অন্য মানুষ। চেনা আগ্রাসনের বদলে সেখানে ছিল এক অদ্ভুত নম্রতা আর একবুক আবেগ। সোমবার দিল্লি ক্যাপিটালসকে হারানোর রেশ কাটতে না কাটতেই নিজের শহর দিল্লিতে প্রথম কোচ রাজকুমার শর্মার ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে হাজির হলেন কোহলি।

সেখানে গিয়ে শৈশবের স্মৃতিতে ডুব দিলেন আধুনিক ক্রিকেটের সম্রাট। স্কুলপড়ুয়াদের উদ্দেশ্যে বিরাট বলেন, “আমি স্কুলে গিয়ে ভাষণ দিতে অভ্যস্ত নই, তাই কিছুটা জড়সড় বোধ করছি। স্কুল সেই জায়গা যা তোমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষক-শিক্ষিকাদের সম্মান করাটাই তোমাদের আসল পরীক্ষা।” নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, “আমি জানতাম ক্রিকেটই আমার ভবিষ্যৎ। আমি আমার প্যাশনের প্রতি সৎ ছিলাম, পরিবারের কাছেও নিজের লক্ষ্য পরিষ্কার রেখেছিলাম।”

অনুষ্ঠানে বিরাটের উপস্থিতি যেন চাঁদ হাতে পাওয়ার মতো ছিল খুদেদের কাছে। চারদিকে তখন শুধু ‘কোহলি-কোহলি’ আর ‘আরসিবি’ চিৎকার। পড়ুয়াদের জীবনের চরম শিক্ষা দিয়ে বিরাট স্পষ্ট জানান, “নিজের স্বপ্নের ওপর ভরসা থাকলে কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। একমাত্র তুমিই জানবে তুমি কতটা সৎ ছিলে।” জীবনের পিচেও যে বিরাটের মতো সৎ থাকাটাই সাফল্যের চাবিকাঠি, সেই পাঠই আজ দিয়ে এলেন ক্রিকেট ঈশ্বর।