লাল কার্ড দেখলেই মাঠ ছাড়তে হয় কেন? ফুটবল বিশ্বকাপের এই নিয়ম কীভাবে বদলে দিয়েছিল ট্রাফিক সিগন্যাল?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা এখন তুঙ্গে। ৪৮ দলের লড়াইয়ে বিশ্বজুড়ে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। গোল, সেভ আর ড্রিবলিংয়ের পাশাপাশি বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দর্শকদের নজর থাকে রেফারির পকেটের দিকে। কখন তিনি পকেট থেকে বের করবেন হলুদ কার্ড (ইয়েলো কার্ড), আর কখন লাল কার্ড (রেড কার্ড)—তা নিয়ে ভক্তদের উত্তেজনার শেষ নেই। কিন্তু এই কার্ডগুলোর আসলে অর্থ কী? কেন এগুলো দেখানো হয়? চলুন জেনে নেওয়া যাক ফুটবলের এই গুরুত্বপূর্ণ নিয়মগুলোর রহস্য।

হলুদ কার্ড: সতর্ক সংকেত
ফুটবলে হলুদ কার্ড হলো রেফারির পক্ষ থেকে কোনো খেলোয়াড়কে দেওয়া একটি সরকারি সতর্কবার্তা। রেফারি যখন দেখেন কোনো খেলোয়াড় খেলার নিয়ম ভঙ্গ করছেন, তখন তাকে হলুদ কার্ড দেখিয়ে সচেতন করে দেওয়া হয়। সাধারণত বিপজ্জনক ট্যাকল করা, অখেলোয়াড়সুলভ আচরণ, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে অভদ্রভাবে প্রতিবাদ জানানো, ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করা কিংবা বারবার নিয়ম ভাঙলে রেফারি এই কার্ডটি ব্যবহার করেন। এটি এক ধরণের ‘শেষ সুযোগ’, যা খেলোয়াড়কে তার আচরণ সংশোধনের নির্দেশ দেয়।

লাল কার্ড: মাঠ থেকে বিদায়
রেড কার্ড বা লাল কার্ডের অর্থ হলো তাৎক্ষণিক বহিষ্কার। এটি ফুটবলের কঠোরতম শাস্তি। কোনো খেলোয়াড় যদি মারাত্মক কোনো অপরাধ করেন, তবে রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেন। এরপর ওই খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয় এবং তার দলকে ম্যাচের বাকি সময় একজন কম খেলোয়াড় নিয়েই খেলতে হয়। এছাড়া, একটি ম্যাচে যদি কোনো খেলোয়াড় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে লাল কার্ডে পরিণত হয় এবং সেই খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়।

কেন চালু হলো এই কার্ড প্রথা?
এই কার্ড ব্যবস্থা চালু হওয়ার পেছনে রয়েছে এক দারুণ ইতিহাস। ফুটবলের নিয়মগুলোকে বিশ্বজুড়ে সহজবোধ্য করার লক্ষ্যে এই পদ্ধতি উদ্ভাবন করা হয়। ১৯৭০ সালের ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়েছিল। তবে এর পেছনের ঘটনাটি ঘটেছিল ১৯৬৬ সালের বিশ্বকাপে। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভাষাগত বিভ্রান্তির কারণে রেফারি এবং আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাট্টিনের মধ্যে বিশাল সমস্যার সৃষ্টি হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতাই বিশ্ব ফুটবলে একটি সর্বজনগ্রাহ্য ভিজ্যুয়াল বা সংকেত ব্যবস্থার প্রয়োজনীয়তা সামনে নিয়ে আসে।

ট্রাফিক সিগন্যাল থেকে কার্ডের ভাবনা
এই যুগান্তকারী আইডিয়াটি এসেছিল ব্রিটিশ রেফারি কেন অ্যাস্টনের মস্তিষ্ক থেকে। একদিন রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগন্যাল দেখে তাঁর মাথায় এই ভাবনা আসে। তিনি উপলব্ধি করেন, ট্রাফিক সিগন্যালের মতো ফুটবলেও রঙের মাধ্যমে সহজেই খেলোয়াড়দের সংকেত দেওয়া সম্ভব। তাঁর দর্শন ছিল অত্যন্ত সহজ—হলুদ মানে সতর্ক হও এবং লাল মানে থামো বা খেলা থেকে বিদায় নাও। পরবর্তীতে ফিফা তাঁর এই ধারণা গ্রহণ করে এবং আজ তা বিশ্ব ফুটবলের অবিচ্ছেদ্য ও অপরিহার্য অংশ হয়ে উঠেছে।