মন্দারমণির সৈকতে সানি লিওনি? নেটপাড়ায় তুঙ্গে রহস্য, কীসের ইঙ্গিত দিলেন ‘বেবি ডল’?

গত এক সপ্তাহ ধরে বাংলার নেটপাড়ার নজর আটকে রয়েছে সানি লিওনির ফেসবুক ওয়ালে। বি-টাউনের ‘বেবি ডল’ হঠাৎই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক বোল্ড ছবি পোস্ট করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন। প্রতিটা ছবির ক্যাপশনে জ্বলজ্বল করছে একটিই নাম— ‘মন্দারমণি’। ব্যস, তাতেই শুরু হয়েছে নানা জল্পনা। মালদ্বীপ, মায়ামি বা গোয়ার মতো বিলাসবহুল বিচ ছেড়ে হঠাৎ বাংলার এই সৈকতে সানির আগমন কেন?
সোশ্যাল মিডিয়ায় সানির এই পোস্টগুলো ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে— তবে কি কোনো নতুন সিনেমা বা রিয়্যালিটি শোয়ের শুটিংয়ের জন্য তিনি মন্দারমণিতে এসেছেন? নাকি বিজ্ঞাপনের কাজ কিংবা নিছক ছুটি কাটাতে তিনি বেছে নিয়েছেন বাংলার এই শান্ত সমুদ্র সৈকতকে? নেটিজেনরা সেকেন্ডে সেকেন্ডে তাঁর প্রোফাইল চেক করছেন, কিন্তু রহস্যের জট খোলার বদলে সানি হ্যাশট্যাগ ‘মন্দারমণি’ ব্যবহার করে রহস্য আরও বাড়িয়ে তুলেছেন।
এই রহস্যের কিনারা করতে স্থানীয় প্রশাসন ও হোটেল ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সানি লিওনির আসার বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই। অনেকে সন্দেহ করছেন, ছবির ব্যাকগ্রাউন্ড কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর কারসাজি? যদি তাই হয়, তবে বিশ্বের এত সমুদ্র সৈকত থাকতে সানির এআই প্রম্পটে হঠাৎ মন্দারমণি কেন উঠে এল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
সম্প্রতি তাঁর একটি লুক সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। কচি কলাপাতা রঙের ব্রালেট, সবুজ প্রিন্টেড শ্রাগ ও হট প্যান্টে সমুদ্রের ধারে পোজ দিয়ে সানি লিখেছেন— “মালদ্বীপ বনাম মন্দারমণি”। অন্য একটি ছবিতে তিনি লিখেছেন, ‘মন্দারমণি মুড’। ভক্তদের একাংশের ধারণা, বাংলার পর্যটনকে প্রমোট করতেই হয়তো এই বিশেষ উদ্যোগ। আবার অনেকে মনে করছেন, কোনো রিয়্যালিটি শোয়ের শুটিংয়ের জন্য লোকেশন হিসেবে মন্দারমণিকেই বেছে নেওয়া হয়েছে। কলকাতা থেকে মাত্র চার ঘণ্টার দূরত্বে প্রকৃতির এই নিভৃত সৈকত সানিকে টানবেই বা না কেন? সানি মুখে কুলুপ এঁটে থাকলেও, তাঁর এই ‘মন্দারমণি মুড’ যে নেটিজেনদের ঘুম উড়িয়েছে, তা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত সানি সত্যিই বাংলায় পা রাখছেন, নাকি এটি কেবলই সোশ্যাল মিডিয়া গিমিক— উত্তর মিলবে খুব শীঘ্রই।