২২ গজে আবির্ভাবের পর থেকেই বিশ্বক্রিকেটকে চমকে দিচ্ছে বিহারের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে (২০২৬) রাজস্থান রয়্যালসের জার্সিতে তাঁর ব্যাটে বইছে রানের প্লাবন। অভিষেক ম্যাচে অর্ধশতরানের পর শেষ দুই ম্যাচেও ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন তিনি। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র ১৪ বলে ৩৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন বৈভব। আর এই ইনিংসের সৌজন্যেই এবার অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম পাঁচে ঢুকে পড়লেন এই কিশোর ব্যাটার।
মাত্র ১৫ বছর বয়সে ৩ ম্যাচে ১২২ রান করে বৈভব এখন রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে। এমনকি অভিজ্ঞ রোহিত শর্মাকেও রানের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন তিনি। বর্তমানে তালিকার শীর্ষে যশস্বী জয়সওয়াল (১৭০), দ্বিতীয় সমীর রিজভি (১৬০) এবং তৃতীয় হেনরিখ ক্লাসেন (১৪৫)। বৈভব যেভাবে এগোচ্ছেন, তাতে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কমলা টুপি জয়ের হাতছানি তাঁর সামনে।
অন্যদিকে, বৈভবের দাপটে রাজস্থান রয়্যালসও টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের মগডালে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট ও +২.৪০৩ নেট রান রেট নিয়ে রিয়ান পরাগের দল এখন অপ্রতিরোধ্য। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও রাজস্থানের জয়জয়কার। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মাথায় রবি বিষ্ণোই এবং ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে নান্দ্রে বার্গার। সিএসকে ও গুজরতের পর মুম্বইকে হারিয়ে আইপিএলের ট্রফির জোরালো দাবিদার হয়ে উঠল রাজস্থান।





