কোর্টে মেজাজ হারানো তাঁর কাছে নতুন কিছু নয়, তবে এবারের ঘটনার মাসুল দিতে হচ্ছে চড়া দামে। মন্টে কার্লো মাস্টার্সে অখেলোয়াড়োচিত আচরণের জন্য প্রাক্তন বিশ্বের এক নম্বর টেনিস তারকা দানিল মেদভেদেভকে ৭,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা) জরিমানা করল এটিপি (ATP)।
মন্টে কার্লো মাস্টার্সের রাউন্ড অব ৩২-এ ইতালির মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হয়েছিলেন রুশ তারকা। মাত্র ৪৯ মিনিটের লড়াইয়ে ০-৬, ০-৬ ব্যবধানে মেদভেদেভকে ধুয়ে মুছে সাফ করে দেন বেরেত্তিনি। এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে বেরেত্তিনি পঞ্চম খেলোয়াড় হিসেবে প্রথম দশে থাকা কাউকে ‘ডাবল-বাগল’ (একটিও গেম না জিতে হার) দিলেন। দ্বিতীয় সেটে ০-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পরই ক্ষোভ উগরে দেন মেদভেদেভ। টানা সাতবার কোর্টে র্যাকেট আছড়ে সেটি গুঁড়িয়ে দেন তিনি। চেয়ার আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতেই এই কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে বিশ্বের বর্তমান ১০ নম্বর খেলোয়াড়কে।
উল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর জন্য ৫০ হাজার ডলার পুরস্কার পেলেও জরিমানার চোটে এক ধাক্কায় ৭ হাজার ডলার খোয়ালেন তিনি। এর আগেও অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে একই অপরাধে যথাক্রমে ৭৬,০০০ ও ৪২,৫০০ ডলার জরিমানা গুনেছিলেন তিনি। অন্যদিকে, মন্টে কার্লো মাস্টার্সে কার্লোস আলকারাজকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন জ্যানিক সিনার, যার ফলে ফের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন এই ইতালীয় তারকা।





